রাজ্যে একটি ইস্পাত কারখানা তৈরি করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর এই কারখানা নির্মাণকে নিয়ে গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে দাবি করা হয়, মাত্র ১ টাকার বিনিময় সৌরভকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি জমি দিয়েছে রাজ্য সরকার! শনিবার এই বিষয়টি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
নবান্নের মুখপাত্র হিসাবে আলাপন সাফ জানিয়ে দিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানার জমি নিয়ে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কত টাকা দিয়ে এই জমি কিনেছেন সৌরভ, তাও জানিয়ে দিলেন তিনি। জানা যাচ্ছে, সৌরভের সংস্থা ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইস্পাত কারখানার জন্য ২৪২.৪৩ একর জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছে। এবং, তার বিনিময়ে সৌরভ ৩০ কোটি ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছেন।


এছাড়াও ওই জায়গায় ৭৫.৬২ একর জমি বেরি এলায়েন্স লিমিটেড নামে অন্য আরেকটি সংস্থাকে দেওয়া হয়েছে। সেই সংস্থা এই জমি বাবদ ১২ কোটি ১৮ লক্ষ ৭ হাজার টাকা খরচ করেছে। আলাপন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়া নিয়ে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং বিভ্রান্তিকর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, তিনি রাজ্যে একটি ইস্পাত কারখানা করবেন। কিন্তু কোথায় হবে সেই কারখানা? প্রথমে বলা হয় শালবনি। পরে তা বাতিল করে গড়বেতার নাম উঠে আসে। চন্দ্রকোনা রোডের ঢুকিতে অর্থাৎ যেখানে একসময় ফিল্মসিটির উদ্বোধন করেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান সেখানেই হবে সৌরভের ইস্পাত কারখানা। কারখানা তৈরি হতে সময় লাগবে দেড় থেকে দু বছর। লগ্নি হতে পারে প্রায় ৩ হাজার কোটি টাকা।
প্রসঙ্গত, বাম আমলে ডুকিতে ফিল্মসিটি তৈরি হবার কথা ছিল। ২০০৮ সাল থেকে শুরু হয় জমি অধিগ্রহণ। নয়াবসত ও সাতবাঁকুড়া পঞ্চায়েতের ছ’টি মৌজায় প্রায় সাড়ে ৪৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। ২০১২ সালে উদ্বোধনও হয় প্রয়াগ ফিল্মসিটির। কিন্তু পরবর্তীতে আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন প্রয়াগের দুই কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীক বাগচী। ফলে আর ফিল্মসিটি তৈরি হয়নি।










