FASTag নিয়মে বিরাট বদল, না জেনে গাড়ি নিয়ে রাস্তায় নামলেই অনিবার্য বিপদ!

১ অগস্ট থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে নিয়মে যা যা উল্লেখ রয়েছে তা সেরে নিতে হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফাস্ট্যাগ সংক্রান্ত নিয়মে বড় বদল! টোল সংগ্রহের কাজে এবার থেকে কার্যকর হবে নতুন বিধি, জানাল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ১ অগস্ট থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে। এবার থেকে সমস্ত নাগরিককেই এই নতুন নিয়ম মেনে চলতে হবে। দেশের সমস্ত জাতীয় সড়ক সুষ্ঠুভাবে পরিচালনা করতে, রাস্তায় যানজট কমাতেই নিয়ম বদলের ভাবনা এনপিসিআই (NPCI)-এর। কী রয়েছে এই নয়া নিয়মে? জেনে বুঝে তবেই গাড়ি নিয়ে রাস্তায় নামুন।

উল্লেখ্য, এর আগেই চালকরা ফাস্ট্যাগ অ্যাকাউন্ট আপডেট করে নেবার নির্দেশ দেয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার তা একেবারে কার্যকরী করতে চায় সংস্থা। আগামী ৩১ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে নিয়মে যা যা উল্লেখ রয়েছে তা সেরে নিতে হবে। না হলে আর টোল প্লাজায় গিয়ে টোল দিতে পারবেন না। সেক্ষেত্রে মুশকিলেই পড়বেন গাড়ি চালকেরা। আসুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নতুন নিয়ম।

  • প্রথমত, কেওয়াইসি (KYC) আপডেট করতে হবে। ৩১ অক্টোবর তারিখের মধ্যে গাড়ি চালকদের ফাস্ট্যাগ অ্যাকাউন্টকে ই-কেওয়াইসি আপডেট করিয়ে রাখা বাধ্যতামূলক। না হলে টোল দিতে পারবেন না। ৩ থেকে ৫ বছর আগে যে ফাস্টাগ ইস্যু করা হয়েছিল সেগুলি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে হবে।
  • দ্বিতীয়ত, যানবাহনের তথ্য লিঙ্ক করাতে হবে। এই ক্ষেত্রেও সময় একই। ১ অগস্ট থেকে আগামী ৯০ দিন। অর্থাৎ, ৩১ অক্টোবর পর্যন্ত। গাড়ি ব্যবহারকারীদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং নিজের (বা মালিকের) ফোন নম্বর ফাস্ট্যাগের সঙ্গে লিঙ্ক করাতে হবে। সেই ফোন নম্বর আবার যেন ব্যাঙ্কের সঙ্গে যোগ থাকে। আর যারা নতুন গাড়ি কিনবেন তাঁদের কেনার ৯০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে ফাস্ট্যাগ লিঙ্ক করাতে হবে বইলে জানিয়েছে এনপিসিআই (NPCI)।
  • মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে। ফাস্ট্যাগের সঙ্গে গাড়ির মালিকের নিজস্ব মোবাইল নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে।
  • গাড়ির ছবি আপলোড করতে হবে। ফাস্ট্যাগ অ্যাকাউন্টের সঙ্গেই গাড়ির ছবি যোগ করে দিতে হবে। আর সেই ছবি যেন স্পষ্ট হয় এবং গাড়ির নম্বর পড়া যায়।
  • অন্যদিকে, যে সমস্ত সংস্থা ফাস্ট্যাগের পরিষেবা দিয়ে থাকে তাদেরকে আলাদাভাবে একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হল, প্রতিটা গাড়ির গাড়ির ডেটাবেস খুঁটিয়ে যাচাই করে দেখতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। পাশাপাশি, বাহন (VAHAN) ওয়েবসাইটের সঙ্গে ফাস্ট্যাগ অ্যাকাউন্টে দেওয়া তথ্য সম্পূর্ণভাবে মিলছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তথ্যের মিল না হলে এই পদ্ধতি সফল হবে না। ফলে, আর দেরি না করে আজ থেকেই গাড়ির কাগজপত্র আপডেট করা শুরু করে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত