নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতির অভিযোগে তৃণমূলের বেশ কয়েক জন নেতা এবং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির কয়েক জন নেতা গ্রেফতারও হয়েছেন। খাঁড়া ঝুলছে আরও একাধিক নেতা মন্ত্রীর উপরে। দুর্নীতি ইস্যুতে বেশ কিছুটা ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই পরিস্থিতিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ সৌগত রায়।
আরও পড়ুনঃ বিরাট সাফল্য এসটিএফের, জঙ্গি সন্দেহে এসটিএফের জালে আরও দুই


বিরোধীদের চরম হুঁশিয়ারি দিলেন দমদমের সাংসদ। তিনি বললেন, ”মমতা ব্যানার্জি দুর্নীতির রানি, এসব বলবেন না। এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে ওরা কি করবে আমি বলতে পারব না।” দক্ষিণ দমদম পুরসভার ২ নং ওয়ার্ডে জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে সিপিআইএম-বিজেপি-কংগ্রেসকে একযোগে নিশানা করেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।

বিরোধীদের পিঠে ‘তাল’ ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদের। শুক্রবার দক্ষিণ দমদম পুরসভার ২ নং ওয়ার্ডে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায়। সেখানেই তিনি বলেন, ”পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করেও একথা বলবেন না যে তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না।”



এরই পাশাপাশি দলনেত্রীর প্রতি আনুগত্য দেখিয়ে তিনি বলেন, “মমতা ব্যানার্জির নামে কুৎসা করবেন না। দুর্নীতির রানি মমতা ব্যানার্জি, এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে ওরা কি করবে, তা আমি বলতে পারব না। সিপিএম বিজেপি, কংগ্রেস সবাইকে বলছি। তৃণমূলের সব লোক দুর্নীতিগ্রস্ত এটা বলবেন না।”
মমতাকে দুর্নীতির রানি বলবেন না, পার্থ চোর কিন্তু তৃণমূলের বাকিরা সৎ: সৌগত

উল্লেখ্য, কিছুদিন আগেই সৌগত রায় বলেছিলেন তৃণমূলের ৯৫ শতাংশ সৎ, গণ্ডগোল আছে ৫ শতাংশে। এই প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বর্ষীয়ান সাংসরের কাছে ৫ শতাংশ ‘চোরের তালিকা’ চেয়েছিলেন যা দিতে পারেননি সৌগত।







