অবতরণের সময়েই বড় বিপত্তি! ৫০ যাত্রী নিয়ে সোমালিয়ায় ভেঙে পড়ল বিমান, অলৌকিকভাবে বেঁচে গেলেন সবাই

মোগাডিসুতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে উপকূলে বিধ্বস্ত স্টারস্কাই এয়ারলাইন্সের বিমান, ৫০ যাত্রীসহ সকলেই জীবিত—যান্ত্রিক ত্রুটির সূত্রে তদন্ত শুরু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আকাশে যান্ত্রিক ত্রুটি, ফেরার চেষ্টা, আর শেষমেশ রানওয়ে ছিটকে বিধ্বস্ত—সোমালিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর চাঞ্চল্য ছড়াল আন্তর্জাতিক মহলে। তবে ভয়াবহতার মাঝেও মিলল স্বস্তির খবর। ৫০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়া সেই বিমান থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে প্রত্যেককেই।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি সোমালিয়ার রাজধানী মোগাডিসুর এডেন আড্ডে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। স্টারস্কাই এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমানটিতে আচমকা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বুঝে পাইলট বিমানটিকে ফের মোগাডিসুতে নামানোর সিদ্ধান্ত নেন।

সোমালি সিভিল এভিয়েশন অথরিটির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। এরপর সেটি উপকূলের কাছে গিয়ে থামে। দুর্ঘটনায় বিমানের একটি ডানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, পাইলট বিমানবন্দরে নিরাপদে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। ফলে রানওয়ে ছাড়িয়ে উপকূলবর্তী এলাকায় গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

তবে সবচেয়ে বড় স্বস্তির খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্য জীবিত রয়েছেন। অলৌকিকভাবে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছে প্রশাসন।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটিই প্রধান কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হলেও, সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

https://x.com/i/status/2021208967167525026

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত