সোহেল খান ও সীমা সজদেহর বিচ্ছেদ বলিউডের অন্যতম আলোচিত অধ্যায়গুলির একটি। তবে অন্য অনেক সম্পর্ক ভাঙার গল্পের মতো এখানে দোষারোপ বা প্রকাশ্য বিতর্কের ছবি দেখা যায়নি। বরং বিচ্ছেদের চার বছর পর এক অনুষ্ঠানের মঞ্চে প্রাক্তন স্ত্রীকে সামনে পেয়ে নিজের সম্পর্ক ভাঙার দায় স্বীকার করে নিলেন সোহেল, যা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে সীমা সজদেহকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। সকলের সামনে তিনি বলেন, “সীমাকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। এই অসাধারণ মহিলার সঙ্গেই আমি ২৪ বছর কাটিয়েছি। আমাদের সম্পর্কে যদি কোনও ভুল হয়ে থাকে, তার সম্পূর্ণ দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।”
সোহেলের এই অকপট মন্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন সীমাও। অনুষ্ঠানের মঞ্চেই তাঁর চোখে জল দেখা যায়। বিচ্ছেদের পর নিজের জীবনের নতুন অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে সীমা জানান, দীর্ঘ সময় তিনি একাকিত্বের মধ্যে কাটিয়েছেন। সেই কারণেই নতুন অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে তিনি রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সীমার কথায়, এই সফর শুধু প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই নয়, বরং মানুষের মন বোঝা, নতুন সম্পর্ক তৈরি করা এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার এক বিশেষ অভিজ্ঞতা। নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং জীবনের ভিন্ন সমীকরণকে গ্রহণ করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান।
উল্লেখ্য, প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন সোহেল খান ও সীমা সজদেহ। তবে বিবাহবিচ্ছেদের পরেও তাঁদের সম্পর্ক তিক্ততায় পৌঁছায়নি। দুই ছেলের দায়িত্ব তাঁরা যৌথভাবেই পালন করেছেন এবং ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন তাঁদের পারস্পরিক সম্মান বা বন্ধুত্বে কোনও প্রভাব ফেলেনি।
বলিউডে যেখানে বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীকে নিয়ে প্রকাশ্য বিতর্ক বা অভিযোগের ঘটনা নতুন নয়, সেখানে সোহেল খানের এই প্রকাশ্য স্বীকারোক্তি এবং সীমার সংযত প্রতিক্রিয়া অনেকের কাছেই পরিণত সম্পর্কের এক ভিন্ন উদাহরণ হিসেবে ধরা পড়েছে।






