SIR ঘিরে কড়া বার্তা! আজ থেকেই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

এসআইআর ও ২০২৬ নির্বাচনের আগে নিরাপত্তা কড়াকড়ি, আজ থেকেই বাংলার সিইও দফতরের দায়িত্বে সিআইএসএফ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে বাংলায় নির্বাচন-সংক্রান্ত নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত। আজ, শনিবার থেকেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্রীয় বাহিনী। এতদিন যেখানে রাজ্য পুলিশের হাতে ছিল সুরক্ষা ব্যবস্থা, সেখানে এবার সরাসরি কেন্দ্রের নজরদারিতে চলে এল সিইও দফতর। এসআইআর (SIR) প্রক্রিয়া ও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতার সিইও দফতরকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রতিদিন চার থেকে পাঁচ জন জওয়ানের একাধিক দল দায়িত্বে থাকবে। সব মিলিয়ে প্রায় এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মূলত সিআইএসএফ-এর জওয়ানরাই দফতরের নিরাপত্তা সামলাবেন। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় সাধারণত ৮ থেকে ১১ জন জওয়ান এবং ১–২ জন কম্যান্ডো থাকেন।

- Advertisement -

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে নির্বাচন কমিশনের উদ্বেগ। কমিশনের তরফে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, এসআইআর চলাকালীন গত ২৪ ও ২৫ নভেম্বর কলকাতার সিইও দফতরের সামনে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটে। অভিযোগ, একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড় দফতর ঘিরে ফেলায় আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়ে। এই ঘটনার পরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানায় কমিশন।

চিঠিতে কমিশন স্পষ্ট করে জানায়, এসআইআর একটি অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়া এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণেই আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত।

নির্বাচন কমিশন আরও জানায়, বর্তমানে পশ্চিমবঙ্গের সিইও দফতরটি কলকাতার নেতাজি সুভাষ রোড-এর বামার লরি ভবনে ভাড়ায় রয়েছে। নিরাপত্তাজনিত দুর্বলতা, পরিকাঠামোর ঘাটতি এবং প্রশাসনিক সমস্যার কারণে খুব শীঘ্রই দফতরটি বিবাদী বাগ এলাকার স্ট্র্যান্ড রোডে শিপিং হাউসে স্থানান্তরিত করা হবে। এই অবস্থায় বর্তমান ও নতুন—দু’টি দফতরেই সার্বক্ষণিক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাওয়া হয়েছে।

এদিকে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত নির্বাচন কমিশনের অবজার্ভারদের নিরাপত্তা নিয়েও আলাদা করে উদ্বেগ তৈরি হয়েছে। কমিশনের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছিলেন সি মুরুগান। কয়েক দিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এসআইআর পরিদর্শনে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় শাসক দলের সমর্থক মহিলাদের নেতৃত্বে তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ দেখানো হয় বলে অভিযোগ।

- Advertisement -

এরপরই নিজের এবং বাংলার অন্যান্য রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান মুরুগান। সেই চিঠির কপি পাঠানো হয় সিইও দফতরেও। প্রশাসনিক সূত্রের অনুমান, ওই ঘটনার পরই কমিশন আরও কঠোর অবস্থান নেয় এবং সিইও দফতরের নিরাপত্তা সরাসরি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সব মিলিয়ে, এসআইআর ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র যে আর কোনও ঝুঁকি নিতে রাজি নয়—এই সিদ্ধান্ত তারই স্পষ্ট ইঙ্গিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর