প্রতি বুথে ২০০ নাম বাদ দেবার ষড়যন্ত্র! নির্বাচন কমিশনে তৃণমূল

ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে—অরূপ বিশ্বাসের দাবি ঘিরে তপ্ত রাজনৈতিক অঙ্গন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

SIR নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মাঝেই ফের বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR স্থগিতের আবেদন জানানোর দুই দিনের মধ্যেই তৃণমূলের প্রতিনিধিদল আজ পৌঁছে যায় CEO দফতরে। SIR নিয়ে তাঁদের অভিযোগ—রাজ্যের প্রায় প্রতিটি বুথে পরিকল্পিতভাবে ১৫০ থেকে ২০০ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।

প্রতিনিধিদলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। দফতরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করে তাঁরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

“প্রতি বুথে ১৫০-২০০ নাম বাদ”—বিস্ফোরক দাবি অরূপ বিশ্বাসের

অরূপ বিশ্বাস বলেন, SIR নিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, “কমিশন এক বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে প্রতি বুথ থেকে ১৫০-২০০ জনের নাম বাদ দিয়েছে। অথচ ২০০২ সালের হার্ড কপিতে সেই নামগুলি স্পষ্টভাবে রয়েছে।”

অরূপের দাবি, নাম বাদ দেওয়ার জন্য কয়েকটি ‘পদ্ধতি’ ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন,কমিশনের ওয়েবসাইটে ইচ্ছাকৃত ভুল—২০০২ সালের ভোটার কার্ড নম্বর ভুল করে রাখা, যাতে নতুন ফর্ম অ্যাপ গ্রহণ না করে। ছবির ভুল আপলোড—অন্যের ছবি যুক্ত হওয়ায় আবেদন বাতিল। সম্পর্কের তথ্য ভুল—ফলে পরিচয় যাচাই আটকে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, “পুরো ওয়েবসাইট ভুলে ভরা। একজন ভোটারকে বিভ্রান্ত করার মতো সব উপকরণ সেখানে রয়েছে।”

প্রতি বুথে ২০০ নাম বাদ দেবার ষড়যন্ত্র! নির্বাচন কমিশনে তৃণমূল

SIR আতঙ্কে আত্মহত্যার তত্ত্ব—কমিশনকে কাঠগড়ায় তৃণমূল

সাম্প্রতিক সময়ে কয়েকজন BLO–র আত্মহত্যার ঘটনায় SIR-সংক্রান্ত কাজের চাপকেই দায়ী করে তৃণমূল। অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে বলেন,“মানুষ ভয় পাচ্ছেন। ভুলে ভরা ওয়েবসাইটের কারণে বহু মানুষ আতঙ্কে চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। এর জন্য সম্পূর্ণ দায় নিতে হবে কমিশনকে।” তাঁর দাবি, SIR-এর ভুল নকশা এবং অতিরিক্ত চাপই এই পরিস্থিতির জন্ম দিয়েছে।

বিজেপির পালটা—‘ভোটার লিস্ট থেকে মৃত ও অনুপ্রবেশকারীর নাম বাদ পড়ায় আতঙ্ক’

তৃণমূলের অভিযোগের জবাবে পালটা সুর BJP-র। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “ওরা যত অভিযোগই করুক, সমাধান সাংবাদিক বৈঠকে হবে না। চাইলে আদালতে যাক, সুপ্রিম কোর্টে যাক।” তিনি আরও মন্তব্য করেন,
“২০২৬ সালে পরাজয়ের ভয় ওদের গ্রাস করছে। মৃত ভোটার, ভুয়ো নাম, অনুপ্রবেশকারীদের নাম যখন বাদ পড়ছে, তখনই তৃণমূল আতঙ্কিত।”

SIR নিয়ে উত্তেজনা চরমে—ভোটের আগে বড় রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা

রাজ্যজুড়ে SIR আপডেট নিয়ে বহু মানুষের অভিযোগ, BLO–দের উপর অমানবিক চাপ, বারবার আত্মহত্যার ঘটনা এবং বিরোধী-শাসক দলের তীব্র বাকযুদ্ধ—সব মিলিয়ে SIR এখন রাজনীতির অগ্নিগর্ভ বিষয় পর্যবেক্ষকদের মতে, যদি SIR নিয়ে এই দ্বন্দ্ব অব্যাহত থাকে, তা হলে আগামী নির্বাচনের আগেই বড় আইনি লড়াই শুরু হওয়া সময়ের অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত