ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানির শেষ দিনেও রাজ্যে কাজ শেষ হয়নি সব জায়গায়। অন্তত ১৫ থেকে ২০টি বিধানসভা এলাকায় শুনানি বাকি থাকায় সময়সীমা বাড়ানোর আর্জি জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগরওয়াল। এখন সেই প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় সিইও দফতর।
শনিবার ছিল এসআইআর শুনানির নির্ধারিত শেষ দিন। কিন্তু বিভিন্ন জেলা থেকে পাওয়া রিপোর্টে জানা যায়, একাধিক বিধানসভায় এখনও শুনানির কাজ অসম্পূর্ণ। কোন কোন এলাকায় শুনানি শেষ হয়নি, তার তালিকা জেলাশাসকদের কাছ থেকে চেয়ে পাঠায় সিইও দফতর। শনিবার সকালে সেই তথ্য হাতে পেয়েই দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়।


মনোজ অগরওয়াল জানিয়েছেন, সাত-আটজন জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে সময় বাড়ানোর আবেদন পেয়েছেন তিনি। সেই আবেদনগুলির ভিত্তিতেই অন্তত সাত দিনের জন্য শুনানির সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়ে কমিশনকে চিঠি পাঠানো হয়েছে।
গত ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে এসআইআর শুনানি শুরু হয়েছিল। প্রথম দিকে ধীরগতিতে কাজ চললেও পরে আধিকারিক ও কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়। ফলে দৈনিক শুনানির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শেষ কয়েক দিনে প্রতিদিন পাঁচ থেকে সাত লক্ষ ভোটারের শুনানি হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
তবে কিছু বিধানসভায় এখনও নথি যাচাইয়ের কাজ বাকি। কমিশন জানিয়েছে, নতুন করে কাউকে শুনানির নোটিস দেওয়া হবে না। যাঁদের ডাকা হয়েছে, তাঁদের নথি যাচাইয়ের কাজ শেষ করতেই আরও সময় প্রয়োজন।


শুনানি শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে অন্তত এক সপ্তাহ সময় লাগে। সেই হিসাবেই ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সময়সীমা বাড়লে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।







