নজরবন্দি ব্যুরোঃ ভ্যাক্সিন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পার্শ্বপ্রতিক্রিয়া! অতিমারি রুখতে বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার বায়ো অ্যান্ড টেকের ভ্যাকসিন দেশের নাগরিকদের দিতে শুরু করেছে ব্রিটেন। গতকাল থেকে সবচেয়ে আশঙ্কাজনক রোগীদের কোভিড-১৯ এর টিকা দিচ্ছে ব্রিটেন প্রশাসন। সরকারের নির্দেশ মতো প্রথম টিকা পান ৯০ বছরের এক প্রবীণা। দেশের সব নাগরিক কে টিকার আওতায় আনতে তৎপর বরিসের সরকার!
আরও পড়ুনঃ ১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন, ক্ষমতায় এসেই ঘোষণা বাইডেনের
ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর ২৪ ঘন্টা কাটার আগেই তাঁদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া গিয়েছে, যা রীতিমত চিন্তার। ব্রিটেনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ এক বৃদ্ধা ভ্যাকসিন গ্রহণ করেন আর তার ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেখা গিয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। আর সেই কারনেই ব্রিটেনের স্বাস্থ্যকর্তারা সতর্ক করেছেন যাঁদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তারা জেনো ফাইজারের করোনা প্রতিষেধক না নেন।
জাতীয় স্বাস্থ্য পরিষেবার মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোইস জানান, অ্যালার্জিপ্রবণ দুই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তাঁরা। তাঁদের সুস্থতার হারও স্বস্তিজনক। তবে আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অ্যালার্জির ইতিহাস আছে, এমন মানুষকে এই প্রতিষেধক দেওয়া যাবে না।
ব্রিটেনের সরকারি সূত্রে খবর, ব্রিটিশ সরকার নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রডাক্টস রেগুলেটরি অথারিটির শর্তাশর্ত মেনে নিয়েছে। আপাতত ব্রিটেনে এক কোটি ভ্যাকসিন চলে এসেছে। মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা ফাইজার জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এমআরএমএ প্রযুক্তি ব্যবহার করে কোভিড ১৯ ভ্যাকসিন তৈরি করেছে। ফাইজার কর্তৃপক্ষের দাবি, এই ভ্যাকসিন ৯৪.৫ শতাংশেরও বেশি কার্যকরী হতে পারে। কিন্তু আকস্মিক বিরূপ প্রতিক্রিয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালেই।



