নিরাপত্তার অভাবে বাতিল ডার্বি, মুখ খুললেন শুভেন্দু অধিকারী

নিরাপত্তার অভাবে বাতিল ডার্বি, মুখ খুললেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিরুদ্ধে কবিতার সুরে করলেন কটাক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার পর্যাপ্ত নিরাপত্তার অভাবে বাতিল করা হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। তবে বাতিল হলেও যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ফুটবল সমর্থকেরা বিক্ষোভ জানাতে আসেন। তাঁদের একটাই দাবি, ‘জাস্টিস ফর আরজিকর’। তবে এদিন ঠিক যে কারণে এই ম্যাচ বাতিল করা হয়েছিল সেই কারণটাই একবারও চোখে পড়লো না। এদিন বিক্ষোভরত সমর্থকদের আটকাতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশ এবং সমর্থকদের মধ্যে। বিচারের দাবির পাশাপাশি উঠে সরকার বিরোধী স্লোগান। আর এই নিয়ে সমাজ মাধ্যমে কটাক্ষ করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।

এদিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন,”প্রতিবাদের ডার্বি করে বাতিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলে হাসিল? উঠিয়েছো লাঠি এবার যবে, দেখবে কেমন খেলা হবে ! ইলিশ-চিংড়ি বেঁধেছে জোট, মমতা পুলিশ এবার ফোট” অর্থাৎ এই পোস্টের মাধ্যমে জনগণের প্রতিবাদের আগুনকে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ঠিক ৫টার সময় এই জমায়েতের ডাক দেওয়া হয়েছিল কিন্তু বিকেল ৪টে থেকেই শুরু হয় এই জমায়েত। জমায়েত শুরু হবার পরেই পুলিশের তরফে লাঠিচার্জ শুরু হয়। আটক করা হয়েছে দু’দলের বেশ কয়েকজন সমর্থককে। বন্ধ বাইপাস। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে।

আন্দোলনকারীদের সাফ কথা, তাঁদের কণ্ঠস্বরকে চুপ করাতে পারবে না পুলিশ। আরজি করের ঘটনা নিয়ে তাঁরা ন্যায় বিচার চাইছেন। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দুই দলের সমর্থকেরা হাজির হয়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানানো শুরু করেন তাঁরা। সমর্থকদের অভিযোগ, পুলিশের তরফে তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। তাছাড়া তাঁরা আরও বলছেন, আজ পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে খেলা বাতিল করা হয়, তাহলে এত সংখ্যক পুলিশ এখন প্রতিবাদকে আটকাতে কি করে এল? পাশাপাশি তাঁরা বলেন আজ খেলা বন্ধ করলেও তাঁদের প্রতিবাদের মুখ বন্ধ করতে পারবেনা পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত