নজরবন্দি ব্যুরো: ইউরোপের বিখ্যাত সব ফুটবল ক্লাবের স্টেডিয়াম ঘুরে দেখতে কার না ভালো লাগে! এবার মেসির প্রাক্তন ক্লাব প্যারিস সঁ জঁরম ঘুরে দেখলেন ভারতের উঠতি ক্রিকেট তারকা শুভমন গিল। এই মুহূর্তে ফ্রান্সেই আছেন শুভমন। ঘুরে দেখছেন প্যারিস শহর। এবার শুভমনকে আমন্ত্রণ জানাল ইউরোপের অন্যতম বিখ্যাত ক্লাব। গিলকে সাত নম্বর জার্সি উপহারও দিল প্যারিস সঁ জঁরম।
আরও পড়ুন: লর্ডসে এগিয়ে থেকে শুরু করবে অস্ট্রেলিয়া, স্পিনার ছাড়াই নামতে পারে ইংল্যান্ড


ভারতীয় ক্রিকেটার বা বলিউড তারকাদের ইউরোপের ফুটবল ক্লাবে যাবার ঘটনা নতুন নয়। এর আগে ইংল্যান্ডের সাউদাম্পটন ক্লাবে গিয়েছিলেন বিরাট কোহলি। বলিউড তারকা রনবীর সিংহ আর্সেনাল ক্লাবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। স্পেনের বার্সেলোনা ক্লাবের অন্ধ ভক্ত রনবীর কপূর গিয়েছিলেন ক্যাম্প ন্যু ঘুরে দেখতে। ইংল্যান্ডের ক্লাব চেলসিতে গিয়ে জার্সি পেয়েছিলেন অর্জুন কপূর। এবার সেই রকমই প্যারিস সঁ জঁরম ক্লাব ঘুরে দেখলেন শুভমন গিল।
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও দিয়েছেন শুভমন। সেখানে দেখা গিয়েছে, তিনি ক্লাবের ড্রেসিংরুমে ঢুকে নিজের জার্সি তুলে নিচ্ছেন। ব্রাজিল তারকা নেইমারের ১০ নম্বর জার্সির পাশেই শুভমনের ৭ নম্বর জার্সি রাখার ব্যবস্থা করে প্যারিসের এই ক্লাব। এরপর মাঠ ঘুরে দেখেন শুভমন। প্যারিস সঁ জঁরমের মতো বিখ্যাত ক্লাবে গিয়ে অত্যন্ত খুশি ভারতের তরুণ তারকা।

প্রসঙ্গত, প্যারিস ছেড়ে আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে সই করেছেন লিওনেল মেসি। তবে, প্যারিসে এখনও একঝাঁক তারকা ফুটবলার রয়েছেন। নেইমার, এমবাপ্পে, হাকিমির মতো খেলোয়াররা খেলবেন আগামী মরশুমে।
মেসির প্রাক্তন ক্লাবে শুভমন, গিলকে সাত নম্বর জার্সি উপহার দিল প্যারিস
![]()










