সোমবার থেকে চালু হল শ্রমশ্রী পোর্টাল, পরিযায়ী শ্রমিকদের মাসে ৫০০০ টাকা দেবে রাজ্য

বিজেপিশাসিত রাজ্যে অত্যাচারিত হয়ে ফেরা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হল ‘শ্রমশ্রী প্রকল্প’। পোর্টালের মাধ্যমে মিলবে আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার, ১ সেপ্টেম্বর থেকে চালু হল শ্রমশ্রী পোর্টাল নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দফতরের এই উদ্যোগ মূলত তাঁদের জন্য, যাঁরা বিজেপিশাসিত রাজ্যে কাজ করতে গিয়ে হামলা, ভয় দেখানো বা হয়রানির শিকার হয়ে বাংলায় ফিরে আসতে বাধ্য হয়েছেন।

শ্রমমন্ত্রী জানান, ২১ আগস্ট থেকে অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল, ইতিমধ্যেই ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এখন থেকে সেই আবেদন ধাপে ধাপে অনলাইনে আপলোড করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না। অনলাইনে আবেদনকারীরা সহজেই পোর্টালের মাধ্যমে তাঁদের আবেদনের অগ্রগতি জানতে পারবেন।

সোমবার থেকে চালু হল শ্রমশ্রী পোর্টাল, পরিযায়ী শ্রমিকদের মাসে ৫০০০ টাকা দেবে রাজ্য

সোমবার থেকে চালু হল শ্রমশ্রী পোর্টাল, পরিযায়ী শ্রমিকদের মাসে ৫০০০ টাকা দেবে রাজ্য
সোমবার থেকে চালু হল শ্রমশ্রী পোর্টাল, পরিযায়ী শ্রমিকদের মাসে ৫০০০ টাকা দেবে রাজ্য

রাজ্য সরকারের অভিযোগ, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর নির্যাতন বেড়েই চলেছে। অসম, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা ও রাজস্থানে বাংলা ভাষায় কথা বলার কারণে বহু শ্রমিককে বাংলাদেশি বলে দাগানো হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে, এমনকি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে বাংলায় ফিরে আসা শ্রমিকদের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করা হলে আগামী এক বছর প্রতি মাসে ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের। এর পাশাপাশি, পোর্টালের মাধ্যমে তৈরি হবে শ্রমিকদের একটি একক তথ্যভান্ডার। এর মাধ্যমে তাঁদের পরিচয়পত্র প্রদান, স্বাস্থ্যসুরক্ষা, বিমা, শিক্ষা এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পে অন্তর্ভুক্ত করা আরও সহজ হবে।

শ্রম দফতর জানিয়েছে, প্রতিটি জেলার ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে শ্রমিকরা দ্রুত নথিপত্র-সহ আবেদন করতে পারেন। এই পোর্টাল শুধু আর্থিক সহায়তার পথই খুলে দেবে না, বরং দীর্ঘমেয়াদে শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত করবে।

রাজনৈতিক মহলের মতে, বিজেপিশাসিত রাজ্যে শ্রমিকদের উপর নির্যাতনকে হাতিয়ার করেই শ্রমশ্রী প্রকল্প শুরু করল তৃণমূল। একদিকে শ্রমিকদের আর্থিক ভরসা দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক বার্তাও পৌঁছে যাচ্ছে।

সব মিলিয়ে, শ্রমশ্রী পোর্টালের সূচনার মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের একটি বড় পদক্ষেপ কার্যকর হল। আগামী দিনে লক্ষাধিক শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশা করছে শ্রম দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত