ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে ফের সুখের পথে হাঁটছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Shikhar Dhawan। প্রথম বিবাহবিচ্ছেদের তিক্ততা ভুলে দীর্ঘদিনের বান্ধবী সোফি শাইনের সঙ্গে নতুন জীবনে পা রাখতে চলেছেন তিনি। বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভেসে গেল নেটদুনিয়া।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেন ধাওয়ান। সেখানে একেবারে ভারতীয় সাজে ধরা দেন আইরিশ সুন্দরী সোফি শাইন। হালকা বাদামি রঙের জমকালো লেহেঙ্গা, কানে ঝুমকা এবং গলায় ভারী হার—সব মিলিয়ে ‘দেশি বউমা’ রূপে নজর কাড়েন তিনি। অন্যদিকে ধাওয়ানের পরনে ছিল হাতির দাঁতের রঙের প্যান্ট-শার্ট ও মানানসই ব্লেজার।
যুগল ছবি পোস্ট করে ধাওয়ান লেখেন, “Sangeet night… Almost the Dhawans.” অর্থাৎ খুব শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে চলেছে। ছবিতে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই তাঁদের জুটিকে বলছেন—“রব নে বনা দি জোড়ি”, আবার কেউ লিখেছেন, “নজর না লাগুক এই জুটিতে।”
শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই দিল্লি-এনসিআর অঞ্চলে বিয়ের অনুষ্ঠান হতে পারে। ক্রিকেট ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকতে পারেন অনুষ্ঠানে।
ধাওয়ানের নতুন সম্পর্কের ইঙ্গিত প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের শেষ দিকে। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সোফির সঙ্গে ভারতীয় দলের ম্যাচ দেখতে গিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় সোফিকে ‘মাই লাভ’ বলে পরিচয় করিয়ে সম্পর্কের কথা স্বীকার করেন।
উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া-নিবাসী বঙ্গকন্যা আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধাওয়ান। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে সেই দাম্পত্য শেষ হয় তিক্ত বিচ্ছেদের মাধ্যমে। দীর্ঘ ব্যক্তিগত সংগ্রামের পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ‘গব্বর’।



