নতুন জীবনের শুরু শিখর ধাওয়ানের! সোফি শাইনের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে, জীবনে দ্বিতীয় ইনিংস শুরু ‘গব্বর’-এর

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান আয়ারল্যান্ডের সোশি শাইনের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন। অবসর পর্বে জীবনের নতুন অধ্যায় শুরু ‘গব্বর’-এর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ব্যক্তিগত জীবনের দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সুখের অধ্যায়ে পা রাখলেন ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। চল্লিশোর্ধ্ব এই ক্রিকেটার শনিবার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে তাঁর দীর্ঘদিনের সঙ্গী সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘গব্বর’, আর সেই খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়া।

শিখর ও সোফি বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন। যদিও সম্পর্কটি প্রকাশ্যে আনেন গত বছরের মে মাসে। পরে চলতি বছরের ১২ জানুয়ারি ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁদের বাগদানের খবর জানান এই জুটি। অবশেষে একান্ত ব্যক্তিগত পরিবেশে অনুষ্ঠিত হল তাঁদের বিয়ে।

আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি শাইন একজন পরিচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা তিন লক্ষেরও বেশি। জীবনধারা ও ভ্রমণ বিষয়ক কনটেন্টের জন্য জনপ্রিয় সোফির সোশ্যাল মিডিয়া ফিডে শিখরের সঙ্গে বহু মুহূর্তের ছবি আগেই নজর কেড়েছিল। পেশাগতভাবে তিনি ‘দ্য ওয়ান স্পোর্টস’-এর প্রধান অপারেটিং অফিসার এবং শিখর ধাওয়ান ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত বলে জানা যায়। লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হওয়ার পর মার্কেটিং ও ম্যানেজমেন্টে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি এবং আবুধাবির নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন।

শিখরের বিয়ের আনন্দে সামিল হয়েছেন ক্রিকেট দুনিয়ার বন্ধুরাও। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে লেখেন, “মেরে ইয়ার কি শাদি হ্যায় ❤️”, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এটি শিখর ধাওয়ানের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি পেশাদার মুষ্টিযোদ্ধা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের একমাত্র ছেলে জোরাবর। প্রায় আট বছরের দাম্পত্যের পর ২০২৩ সালের অক্টোবরে তাঁদের বিচ্ছেদ হয়। এক সাক্ষাৎকারে শিখর জানিয়েছিলেন, দীর্ঘ সময় ছেলের সঙ্গে যোগাযোগ না রাখতে পারা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলির একটি।

২০২৪ সালের অগস্টে আন্তর্জাতিক ও ঘরোয়া—সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ধাওয়ান। ভারতকে ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আজও স্মরণীয়, যেখানে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

ক্রিকেট মাঠের লড়াই শেষ হলেও জীবনের নতুন অধ্যায়ে এখন সম্পূর্ণ ভিন্ন এক যাত্রা শুরু করলেন শিখর ধাওয়ান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর