নজরবন্দি ব্যুরো: এখনও অবধি করোনা বিদায় নেয়নি পৃথিবী থেকে। এই করোনার চোখ রাঙানির মাঝেই ভয় দেখাচ্ছে আরও এক সংক্রমণ। জানা গিয়েছে, কেরলের কোঝিকোড়ে দেখা দিয়েছে সিগেলা নামক এক নতুন সংক্রমণ। ইতিমধ্যেই এই নতুন সংক্রমণের কবলে পরেছেন ছয় জন। এছাড়া মৃত্যু হয়েছে ১১ বছরের এক শিশুর। আরও ২০ জনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ মমতার, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে জবাব জানুয়ারী-তে।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ যেমন কেরল থেকেই শুরু হয়েছিল, এই নতুন সংক্রমণও কেরলেই দেখা দিয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে প্রশাসন। চিকিৎসকরা জানিয়েছেন, সিগেলা নামক একধরনের ব্যাকটেরিয়া থেকেই এই সংক্রমণ ছড়ায়। এই সংক্রমণের প্রধান উপসর্গ হল ডায়েরিয়া, জ্বর ও পেট ব্যাথা। তবে আক্রান্ত কয়েকজনের মধ্যে কোনও উপসর্গই দেখা যায় না।
মূলত জল ও খাবার থেকেই এই ব্যকটেরিয়া সংক্রমণ ছড়ায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনদিনের বেশী সময় ধরে যদি ডায়েরিয়া সহ অন্যান্য উপসর্গগুলি থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, কোঝিকোড়ে মূলত কোট্টাপারামবু ওয়ার্ডেই সীমিত রয়েছে এই সংক্রমণ। কোঝিকোড়ের স্বাস্থ্য আধিকারিক জানান, মেডিক্যাল কলেজে ছয়জন রোগীর মলের নমুনা পরীক্ষা করে সিগেলা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও ২০ জনের সামান্য উপসর্গ রয়েছে, তাদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য আধিকারিকরা সপ্তাহন্তেই মেডিক্যাল ক্যাম্প বসাবেন বলে জানিয়েছেন তিনি।
করোনা ভ্যাকসিনের আগেই কেরলে সিগেলার হানা, মৃত ১, সাধারণ ডায়েরিয়ার মতোই যাবতীয় উপসর্গ থাকলেও সিগেলার ক্ষেত্রে উপসর্গগুলি আরও জোরদার হয় এবং রোগীদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।



