নজরবন্দি ব্যুরো: মুম্বই সফরে এসে এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ পাওয়ার। লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী জোট মজবুত করার চেষ্টা। সাক্ষাৎ শেষে শরদ পাওয়ার একসঙ্গে কাজ করার বার্তা দিলেন। এদিন সাংবাদিক বৈঠক করেন নীতীশ কুমার এবং শরদ পাওয়ার।
আরও পড়ুন: সুপ্রিম পর্যবেক্ষণে সুর চড়ল ঠাকরের, নীতীশকে পাশে নিয়েই শিণ্ডের পদত্যাগের দাবি


সাংবাদিক বৈঠকে এনসিপি সভাপতি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে কাজ করা প্রয়োজন। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে দেশকে সুরক্ষিত রাখতে যে বিকল্প প্রয়োজন তা হয়ে উঠতে পারব।” গতকালের কর্ণাটক নির্বাচন নিয়ে শরদ পাওয়ার বলেন, “কর্ণাটকের মানুষ বিজেপিকে ক্ষমতাচ্যূত করবে এবং একটি ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় আসবে।” সাংবাদিকদের সামনে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান। জেডিইউ প্রধান বলেন, “দেশের কথা না ভেবেই বিজেপি কাজ করছে। যত বেশি সংখ্যক বিরোধী দল একজোট হবে ততই মোদী সরকারকে পরাজিত করা সহজ হবে।” একাধিক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে বলেও জানান নীতীশ কুমার।

আগেই জানা গিয়েছিল, মুম্বই সফরে এসে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে পারেন নীতীশ কুমার। এনিয়ে এনসিপি সভাপতি বলেছিলেন, “আমরা অবশ্যই দেখা করব যদিও আমার কাছে সমস্ত তথ্য নেই। আমাদের মূল উদ্দেশ্য বিজেপি সরকারের বিকল্প নিয়ে আসা।” তিনি আরও বলেন, “মমতা হোক বা নীতীশ সকলেরই একই উদ্দেশ্য। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

উল্লেখ্য, এদিন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করেন নীতীশ কুমার এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। গতমাসেই কলকাতা সফরে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। তখনই ঘরোয়া বৈঠকে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছিল, মমতার প্রস্তাব মতো বিরোধী শিবিরের মহাসম্মেলন হতে চলেছে চলতি মাসেই। আগামী ১৭ অথবা ১৮ তারিখ পাটনায় একই ছাদের তলায় আসতে চলেছে সমস্ত দলগুলি।


‘একসঙ্গে কাজ করতে হবে’, শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ বিহারের মুখ্যমন্ত্রীর








