নজরবন্দি ব্যুরোঃ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দেশের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। তেমনই এখনও অশান্ত রয়েছে বিহার। রবিবার সেখানে দলীয় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে দাঙ্গাবাজদের বিরুদ্ধে কড়া মন্তব্য পেশ করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অশান্তকর পরিবেশ গড়ে তোলার জন্য দাঙ্গাবাজদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলানো হবে।


রবিবার বিহারে দলীয় কর্মসূচিতে যোগদান করেন শাহ। সাসারামের অশান্ত পরিবেশের কারণে নওয়াদায় সভা করেন তিনি। সেখান থেকে শাহের সাফ বার্তা, আজ পুরো বিহারের মানুষ উদ্বিগ্ন, কারণ নালন্দার বিহার শরিফ, সাসারামে আগুন জ্বলছে। সবাই চিন্তিত। এরপরেই বিহারের জনগণের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালে মোদীজিকে সব আসন দিয়ে দিন – ৪০ টি মধ্যে ৪০ টি আসনই দিন। আর ২০২৫ সালে বিজেপির সরকার গঠন করুন। এই দাঙ্গাবাজদের উলটো ঝুলিয়ে সোজা করার কাজ করবে ভারতীয় জনতা পার্টি। আমরা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ভোটব্যাঙ্কের রাজনীতি করি না। আমাদের রাজত্বে দাঙ্গা হয় না।

একইসঙ্গে বিহারের বর্তমান আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণের পাশাপাশি লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করতে পিছপা হননি। তিনি বলেন, যে সরকারে লালুপ্রসাদ যাদবের মতে জঙ্গলরাজের দল রয়েছে, তারা কি আর রাজ্যে শান্তি ফেরাতে পারে? ক্ষমতার লোভে লালুপ্রসাদের কোলে বসে আছেন নীতীশ। এরপরেই তিনি বলেন, ভেবেছিলাম সাসারামে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওখানকার পরিস্থিতি খারাপ হওয়ায় এ বার যাচ্ছি না। ওখানে মানুষ মরছে। এক দিকে চলছে গোলাগুলি। অন্য দিকে কাঁদানে গ্যাসের শেল ফাটছে।
ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলানো হবে, হুঁশিয়ারি দিলেন শাহ

উল্লেখ্য, রামনবমীর দিনে বিহারের নালন্দা জেলার বিহার শরিফ টাউনে হিংসা ছড়ায়। তারপর থেকেই থমথমে ছিল গোটা এলাকা। ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে, ‘বিহার শরিফে স্বাভাবিকত্ব ফিরে এসেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ইতিমধ্যে ৭৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একাধিক জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।









