কলকাতার আকাশে মাঝরাতে উড়ে বেড়ালো সাতটি রহস্যময় ড্রোন। বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে। কলকাতা পুলিশের হেস্টিংস থানা প্রথম এই ড্রোনগুলিকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে লালবাজারে খবর পাঠানো হয়। এরপরই সতর্ক করে দেওয়া হয় শহরের একাধিক থানাকে।
ঘটনার সময়, ড্রোনগুলিকে প্রথমে হেস্টিংস, ফোর্ট উইলিয়াম, দ্বিতীয় হুগলি সেতু, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং জওহরলাল নেহেরু রোড-এর মত উচ্চ নিরাপত্তার এলাকায় উড়তে দেখা যায়। এরপর কয়েকটি ড্রোন চলে যায় পার্ক সার্কাস এলাকায়, বাকি দুটি চলে যায় উত্তর কলকাতার দিকে।


পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাত দেড়টা নাগাদ মহেশতলা ও বেহালা দিক থেকে সাতটি ড্রোন উড়ে আসে শহরের দিকে। গোয়েন্দারা সন্দেহ করছেন, কেউ হয়তো গোপনে গুরুত্বপূর্ণ জায়গার ছবি বা ভিডিও সংগ্রহ করছিল। ড্রোনগুলির মধ্যে কোনওটি ফোর্ট উইলিয়ামের কাছাকাছি উড়তে দেখা যাওয়ায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।
ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে। একইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ড্রোনগুলিকে আটক করা না গেলেও, তাদের গতিবিধি বিশ্লেষণ করে কোনও বিদেশি সংযোগ বা চরবৃত্তির উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মীরে পাকিস্তান ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা চালিয়েছে। সেই প্রেক্ষিতেই কলকাতার আকাশে এই ধরনের ড্রোনের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


পুলিশ এখন খতিয়ে দেখছে, এই ড্রোনগুলির উত্স কোথায়, কারা এগুলি পাঠিয়েছে এবং কোনও প্রযুক্তিগত মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব কি না। ড্রোনগুলির পালানোর দিক ও উচ্চতা নিয়েও তদন্ত চলছে।







