তিনদিনের জন্য মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বৈঠক থেকে জানা যায়, কলকাতায় এবার তৈরি হতে পারে একটি সেমিকন্ডাক্টর কারখানা। তবে এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন প্রধানমন্ত্রী নয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হবে।
বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্যকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রশাসনিক বৈঠক সেরে এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী। আর সেখানেই সেমিকন্ডাক্টর এর প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, “গত তিন বছর ধরে আমেরিকার সঙ্গে বাংলার এ নিয়ে কথা হচ্ছে। এমনকি মার্কিন দূতাবাসের সঙ্গেও সেমিকন্ডাক্টর নিয়ে কথা হয়েছে তাঁর। আর এই প্রকল্প তৈরির জন্য জমিও প্রস্তুত রয়েছে রাজ্যে। এই প্রকল্পে বাংলায় প্রচুর মানুষ চাকরি পাবেন।”


এরপর তিনি প্রধান মন্ত্রীকে কটাক্ষ করে বলেন,”এই প্রকল্প বাংলার চেষ্টায় এসেছে। এটা বাংলার সাফল্য অথচ ঘোষণা হয়েছে প্রধানমন্ত্রীর মাধ্যমে।” প্রসঙ্গত, গত রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে এ বিষয়ে জানানো হয়েছে। এই কারখানা তৈরি হলে ভারত ও আমেরিকা দুই দেশেরই কর্মসংস্থান তৈরি হবে। সূত্রের খবর, মোদি ও বাইডেন উভয়ই কলকাতায় নিউ ইয়র্কের বহুজাতিক সংস্থা ‘গ্লোবাল ফাউন্ডারিজ’-এর একটি কারখানা তৈরীর বিষয়ে সহমত হয়েছেন। এই কারখানাটির নাম হবে ‘জিএফ কলকাতা পাওয়ার সেন্টার’।
তবে কি এই সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর হল এমন একটি বস্তু যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িদবাহী হতে পারে। বিভিন্ন ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। কলকাতার এই কারখানাতে সম্ভবত ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি হবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



