নজরবন্দি ব্যুরোঃ বন্ধই থাকছে লোকাল ট্রেন। ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধি নিষেধের মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলায় আরও একদফা আংশিক লকডাউন জারি করল মমতা সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর গত মে মাসের শুরু থেকে কঠোর কোভিড বিধি চালু করেছিল রাজ্য সরকার।
আরও পড়ূনঃ দিলীপের পোস্টারে ‘কন্যাশ্রী’ বানান ভুল, ট্যুইটারে তথাগত লিখলেন ‘মূর্খের অশেষ দোষ’
সংক্রমণ দিনে দিনে কমায় একে একে ছাড় মিলেছিল নিয়ম কানুনে। কোভিড বিধি মেনেই খুলছিল রাস্তাঘাট, পরিবহন, দোকান বাজার। লোকাল ট্রেন ছাড়া শর্তসাপেক্ষে চলা শুরু করেছে বাস-মেট্রো। তবে তৃতীয় ঢেউয়ের আগেই ফের কড়া হচ্ছে রাজ্য সরকার। দিন কয়েক ধরেই কোভিড নিয়ম পালন এবং নাইট কার্ফু নিয়ে বার্তা দেওয়া হচ্ছিল নবান্ন থেকে।
বন্ধই থাকছে লোকাল ট্রেন, ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেদের মেয়াদ বাড়ল রাজ্যে।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে কোভিড বিধি লঙ্ঘনে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারায় কড়া ব্যবস্থা নেবে সরকার। তবে নাইট কার্ফুর সময় বদলানো হচ্ছে। এতদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে নাইট কারফিউ চলছিল। কিন্তু ১৬ আগস্ট থেকে তার সময় বদলাচ্ছে। জনগণের দাবি এবং কাজকর্মের কথা বিবেচনা করে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ।

কোভিড বিধিতে আগে যা যা নিয়ম ছিল এখনো বহাল থাকবে সেসব নিয়ম। সরকারি অফিস গুলি চলবে ২৫ শতাংশ এবং বেসরকারি অফিস গুলি চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। মানতে হবে কড়া কোভিড বিধি। মর্নিং ওয়াকের সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল ৬-৯ পর্যন্ত। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, থিয়েটার খোলা হবে কোভিড বিধি মেনে। এছাড়া সুইমিং পুল খোলার অনুমতিও দিয়েছেন তিনি।
কোভিড বিধি ঠিক করে পালিত হচ্ছে কিনা তা দেখাভালের জন্য সবসময় সতর্ক থাকবে রাজ্যের পুলিশ প্রশাসন। নিয়ম ভাঙলে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারায় কড়া ব্যবস্থা নেবে সরকার। তবে বন্ধই থাকছে লোকাল ট্রেন। কিছুদিন আগেই মমতা বন্দোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন লোকাল ট্রেন চললে কোভিড ছড়াতে পারে। সেই আশঙ্কাতেই লোকাল আপাতত বন্ধ থাকছে বলে জানা গেছে।



