নজরবন্দি ব্যুরোঃ দিলীপের পোস্টারে বানান বিভ্রাট, আর সেই নিয়ে গতকাল দিনভর হাসির খোরাক হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। গোটা বাদল অধিবেশন কাল জুড়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আওয়াজ উঠিয়েছে তৃণমূল, কাল অধিবেশনের শেষ দিনে বাংলার মমতা সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষনের প্রতিবাদ সভা করা হয়েছিল বঙ্গ বিজেপির সাংসদদের তরফে।
আরও পড়ুনঃ খেলা হবে যোগী রাজ্যেও! ১৬ তারিখ লখনউয়ে ফুটবল ম্যাচ করাচ্ছে উত্তরপ্রদেশ তৃণমূল
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়েছিল। লকেট থেকে রুপা গাঙ্গুলী, দিলীপ ঘোষ অর্জুন সিং প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল একাধিক স্লোগান। আর সেখানেই চোখে পড়ে খোদ দিলীপ ঘোষের হাতে থাকা প্ল্যাকার্ডে ভুল বানানে কন্যাশ্রী কে লেখা রয়েছে কন্নাশ্রী। ব্যাপার মালুম হতেই প্ল্যাকার্ড বদলে নিলেও ততক্ষণে নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা।
দিলীপের পোস্টারে ভুল বানান, দিনভর হাসির খোরাক বিজেপির রাজ্য সভাপতি।

বিস্তর হাসি-কটাক্ষ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সারাদিন ধরে। এবার দিলীপের ভুল বানানের ছবি পোস্ট করে ট্যুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়। ট্যুইটে তিনি লিখেছেন, “এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের অশেষ দোষ।” পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না!”

যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন পোস্টে, প্ল্যাকার্ড যাঁর হাতে অভিযোগ তাঁকে নিয়ে নয়, অভিযোগ যিনি বানিয়েছেন তাঁকে নিয়ে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে এমনিতেই রাজনীতির ময়দানে দিলীপ-তথাগত মোটামুটি যুযুধান পক্ষ, পোস্টার লেখককে কটাক্ষ করতে গিয়ে আদপে দিলীপকেই কটাক্ষ করেছেন তথাগত।

উল্লেখ্য বানান ভুল বা উচ্চারণ নিয়ে এর আগেও বারবার কটাক্ষের মুখে পড়েছে গেরুয়া শিবির। ভোটের আগে বারবার কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় এসে ভোট প্রচারে বলেছিলেন এই ভোট জিতলেই সোনার বাংলা বানাবেন তাঁরা। কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের উচ্চারণকে কটাক্ষ করে অভিষেক বন্দোপাধ্যায় বারবার বলেছিলেন, ভুল উচ্চারণ নিয়ে ভোটে জিতে ‘সুনার বাংলা’ গড়বে বিজেপি। ‘কন্নাশ্রী’ বানান ভুল নিয়ে ফের সেই ইস্যুই সামনে উঠে এসেছে গতকাল থেকে।



