শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল চত্বর, আতঙ্কে ছুটোছুটি যাত্রীদের

সোমবার সকালের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের ফুডপ্লাজায় খাবারের দোকানে আগুন। ঘন ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর, আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার সকালের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়াল। সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ স্টেশনের ফুডপ্লাজা এলাকার একটি দোকান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরের বিস্তীর্ণ অংশে। আতঙ্কিত হয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি ইঞ্জিনকে কাজে নামানো হয়েছে। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর পাশাপাশি দোকানের কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করেন।

প্রাথমিকভাবে আগুনের উৎস বা ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুনের লেলিহান শিখা আপাতত দেখা যাচ্ছে না। ধোঁয়ার পরিমাণ এখনও যথেষ্ট থাকায় স্টেশন চত্বরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

দমকল আধিকারিকদের বক্তব্য, স্টেশন সংলগ্ন ওই খাবারের দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘটনাস্থলে প্রয়োজনীয় জল পরিষেবা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।

ফলে দমকলের নিজস্ব জল ব্যবহার করেই আগুন নেভানোর কাজ চালাতে হচ্ছে। ধোঁয়া দ্রুত বের করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্যও একসঙ্গে কাজ করছেন দমকলকর্মীরা। ব্যস্ত সময়ে এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ঘটনার জেরে কোনও হতাহতের খবর এখনও সামনে আসেনি। আগুন কীভাবে লাগল, দোকানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল এবং আগুনের জেরে স্টেশন পরিষেবায় কোনও প্রভাব পড়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে দমকল ও রেল কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন