নজরবন্দি ব্যুরোঃ বিতর্ক দূরে সরিয়ে স্টারলাইট কপারকেই অক্সিজেন তৈরির বরাত দিল সুপ্রিম কোর্ট। অপরাধ ছিল লাগামছাড়া দূষণ। যার জেরে ২০১৮ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল তামিলনাড়ুর স্টারলাইট কপার স্মেলটিং প্ল্যান্ট। তবে সেসব বিতর্ক দূরে ঠেলে তাকেই জরুরি পরিস্থিতিতে অক্সিজেন তৈরির বরাত দিল শীর্ষ আদালত। ১০ দিনের মধ্যেই চালু হবে সেই কাজ। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ এদিন মন্তব্য করে, ‘এখন জাতীয় সংকট চলছে।মানুষ মারা যাচ্ছে। আমাদের এখন স্থানীয় মানুষের সাহায্য নিতে হবে।’ পরে শীর্ষ আদালত বলে, এখন রাজনৈতিক বিতর্কের সময় নেই।
আরও পড়ুনঃ হাসপাতালের মধ্যেই উদ্ধার শক্তিশালী সকেট বোমা, আতঙ্কের সাক্ষী নদীয়ার চাপড়া।


দেশ বিপর্যয়ের মধ্যে পড়েছে। মানুষের প্রাণ রক্ষা করতে হবে। এর আগে তামিলনাড়ু সরকার অভিযোগ করে, কেন্দ্রীয় সরকার বেদান্ত লিমিটেড সংস্থাকে নানাভাবে সাহায্য করছে। বেদান্তই স্টারলাইটের মালিক। তামিলনাড়ুর ওই অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এদিন বলেন, স্টারলাইট কারখানায় অক্সিজেন উত্পাদন করা নিয়ে কোনও বিতর্ক হওয়া উচিত নয়। কারখানায় কতজন শ্রমিক কাজ করবেন তা স্থির করবে এক্সপার্ট প্যানেল। গত সোমবার তামিলনাড়ু সরকার নির্দেশ দেয়, স্টারলাইট কারখানা আংশিকভাবে খোলা যাবে। আগামী চার মাস সেখানে অক্সিজেন উত্পাদিত হবে। সেই অক্সিজেন বিনামূল্যে দেওয়া হবে তামিলনাড়ু সরকারকে।
গতবছর বেদান্ত সুপ্রিম কোর্টে আবেদন করে, স্টারলাইট কারখানা খুলতে অনুমতি দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়নি। এর আগে মাদ্রাজ হাইকোর্টও ওই কারখানা খুলতে অনুমতি দেয়নি। ২০১৮ সালে স্টারলাইট কারখানার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়। পুলিশ গুলি চালালে নিহত হন ১৩ জন বিক্ষোভকারী। তারপর তামিলনাড়ু সরকার ওই কারখানা বন্ধ করে দেয়। এখন রোজ ভারতে তিন লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এর ফলে ব্যাপক চাপ পড়েছে স্বাস্থ্যব্যবস্থার ওপরে। করোনা আক্রান্তদের অনেকের আত্মীয়রা সোশ্যাল মিডিয়ায় অক্সিজেনের জন্য আবেদন জানাচ্ছেন। রাজধানী দিল্লিতে লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, ‘হু এই সংকটের মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। ভারতে পাঠানো হচ্ছে কয়েক হাজার অক্সিজেন কনসেনট্রেটর, প্রি ফ্যাব্রিকেটেড মোবাইল ফিল্ড হসপিটাল এবং ল্যাবরেটরির যন্ত্রপাতি।’
বিতর্ক দূরে সরিয়ে স্টারলাইট কপারকেই অক্সিজেন তৈরির বরাত দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে হু-র ২৬০০ বিশেষজ্ঞ আসছেন ভারতে। তাঁরা অতিমহামারীর মোকাবিলায় ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। করোনায় বিশ্ব জুড়ে সংক্রমিত হয়েছেন প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ মানুষ। ৩০ লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন। ১৩০ কোটি মানুষের দেশ ভারত এখন করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে। শুধু ভারতে নয়, বিশ্ব জুড়েই বাড়ছে করোনার সংক্রমণ। তেদ্রোস সোমবার জানিয়েছেন, গত নয় সপ্তাহ ধরে বিশ্ব জুড়ে সংক্রমণ বেড়েই চলেছে। অতিমহামারী শুরু হওয়ার প্রথম পাঁচ মাসে যত লোক আক্রান্ত হয়েছিলেন, গত এক সপ্তাহে সেই সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।









