নজরবন্দি ব্যুরোঃ সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব খোয়ানোর পর এতদিন নীরবই ছিলেন। বিরাট কোহলির সেই নীরবতা যে ঝড়ের পূর্বের স্থিতাবস্থা ছিল, তা বোঝাই যাচ্ছিল। ভারতের টেস্ট অধিনায়ক মুখ খুললে যে ঝড় উঠবে, তা আন্দাজ করাই গিয়েছিল। হলও তাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল (Indian Team) উড়ে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন নির্বাচকরা মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানান যে তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। যা নিয়েই গতকাল থেকেই হইছই পড়ে গিয়েছিল গোটা দেশে। সেসবের মাঝেই এবার মুখ খুললেন দাদা।
আরও পড়ুনঃ সামনে এসে জবাব দিন, সৌরভ কে নিশানা গাভাস্করের


কাল থেকেই বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট কে নিয়ে নিন্দায় সরব হয়েছে নেটাগরিকদের একাংশ। যা নিয়ে পরবর্তী সময়ে সরব হতে দেখা গিয়েছিল সুনীল গাভাস্কর থেকে শুরু করে ভারতের একাধিক ক্রিকেট ব্যক্তিত্বদের।
সেইমতই আজ সকাল থেকে সৌরভের বাড়ির সামনে ভিড় জমিয়েছিল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি বহু ক্রিকেট অনুরাগীদের। উল্লেখ্য গতকাল বিরাটের বিস্ফোরক মন্তব্যের পর থেকেই সকলের নজর গিয়ে পড়েছিল প্রিন্স অফ ক্যালকাটার উপর। তবে গতকাল সকলের সামনে না আসলেও আজ দুপুর ২ টো নাগাদ বাড়ি থেকে বেরোন তিনি।
বোর্ড সমস্ত কিছু দেখবে, মুখ খুললেন সৌরভ

এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটি খুবই স্পর্শকাতর বিষয়। এই নিয়ে রীতিমতো আলোচনা চলছে। এটা নিয়ে বোর্ড যা ব্যবস্থা নেওয়ার তা সঠিক সময়েই নেবে।” এরপরেই তাঁর বাড়ির সংলগ্ন দফতরে ঢুকে যান তিনি। তবে তাঁর এই মন্তব্য আদৌ কতটা কার্যকরী হয় সেদিকেই নজর থাকবে সকলের।









