সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। স্থানীয় বাসিন্দারা বিশেষ করে মহিলারা ক্ষোভে ফুঁসছে। শাসক দলের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি। এই অবস্থায় সন্দেশখালি নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Actor-TMC MP Nusrat Jahan)। এরপরই তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। কী এমন বলে দিলেন তারকা সাংসদ?



আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী
ক্ষোভের আগুন ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali)। নারী নির্যাতন, অকথ্য অত্যাচার, জমি দখলের মত চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতারির দাবিতে পথে নেমেছে মহিলারা। ইতিমধ্যেই শাহজাহানের দুই অনুরাগী উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দিনে দিনে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা (Act 144) জারি করা হয়েছে। এনিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান বলেন, ‘সন্দেশখালিতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য প্রশাসন প্রতিদিনই স্থানীয়দের সাহায্য পাঠাচ্ছে। যা যা করার সবই করা হচ্ছে। আমি দলের নির্দেশ মেনেই চলি। ওখানে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’

তারকা-সাংসদ আরও বলেন, ‘সন্দেশখালিতে (Sandeshkhali) আমার যাওয়া না যাওয়া নিয়ে কেন প্রশ্ন উঠছে জানি না। সন্দেশখালিতে ১৭৪ ধারা আছে, সেখানে যদি যাই আরও পাঁচজনকে নিয়ে যেতে হবে, সেটা আইন বিরুদ্ধ হয়ে যাবে। আমরা আইনের ঊর্ধ্বে নই। আমাদের প্রশাসন ও সিস্টেমের উপর ভরসা রাখতে হবে।’


সন্দেশখালিতে ১৭৪ ধারা! তারকা-সাংসদ নুসরতের বেফাঁস মন্তব্যে তোলপাড় নেটপাড়া

একজন সাংসদের মুখে ১৪৪ ধারার বদলে ‘১৭৪ ধারা’! এনিয়েই উত্তাল গোটা নেটপাড়া। নেটিজেনরা ট্রোলিং শুরু করেছে। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন নুসরত। সেই পোস্টের কমেন্ট বক্সে তীব্র কটাক্ষ শুরু হয়। নেটিজেনরা কমেন্ট করতে থাকেন, ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে? কোন দেশের সংবিধানে রয়েছে। সন্দেশখালি কবে যাবেন?’ কেউ কেউ তো আবার তারকা সাংসদকে ‘বাংলার কলঙ্ক’ বলে আক্রমণ করেন।








