বলিউড জুড়ে উদ্বেগ বাড়াল বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের অসুস্থতার খবর। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসা চলার মাঝেই একের পর এক তারকার উপস্থিতি ঘিরে জোর জল্পনা শুরু হয়। তবে পরিবারের আপত্তির জেরে স্বাস্থ্য সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক বুলেটিন প্রকাশ না হওয়ায় বিভ্রান্তি আরও বাড়ে। জানা গিয়েছে, ব্যক্তিগত চিকিৎসা তথ্য প্রকাশ্যে চলে আসায় বিরক্ত অভিনেতা সলমন খান, যার পর থেকেই চিকিৎসকদের তরফে তথ্য দেওয়া কার্যত বন্ধ রাখা হয়েছে।
শনিবার রাত থেকেই হাসপাতালে বলিউডের প্রথম সারির তারকাদের যাতায়াতের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। হাসপাতালে দেখা যায় সঞ্জয় দত্ত, শাহরুখ খান, আমির খান, মলাইকা অরোরা-সহ বহু পরিচিত মুখকে। খান পরিবারের প্রায় সকল সদস্যই সেখানে উপস্থিত ছিলেন।
ভিডিয়োতে দেখা যায়, ছেলে আরহান খানের সঙ্গে হাসপাতালে এসেছেন সেলিম খানের প্রাক্তন পুত্রবধূ মলাইকা অরোরা। ঠাকুরদার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতেও দেখা যায় আরহানকে। উপস্থিত ছিলেন আরবাজ খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খানও। পাশাপাশি সলমন খান, আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা এবং আয়ুশ শর্মাও হাসপাতালে ছিলেন।
তারকাখচিত এই উপস্থিতি দেখেই অনেকের মনে প্রশ্ন ওঠে—তবে কি সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে? সেই জল্পনার মাঝেই সামনে আসে চিকিৎসকদের বক্তব্য।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার চিকিৎসক ডা. জলিল পার্কার জানিয়েছেন, সেলিম খানের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেশন থেকে সরিয়ে আইসিইউ-তে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকের কথায়, তাঁর মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হলেও তা গুরুতর নয় এবং অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি।
চিকিৎসক আরও জানান, আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। পরিবারের সদস্যদের উপস্থিতি মূলত মানসিক সমর্থনের জন্যই। সকলের শুভেচ্ছা ও প্রার্থনায় ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছেন বর্ষীয়ান এই চিত্রনাট্যকার।






