নজরবন্দি ব্যুরোঃ কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। তাই রুজিরা বন্দোপাধ্যায়ের নামে নোটিস নিয়ে গতকাল সরাসরি কালীঘাটের বাড়িতে পৌঁছায় CBI। কেন্দ্রীয় সংস্থার দাবি, কয়লা কাণ্ডে অভিযুক্তরা একাধিকবার টাকা পাঠিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে। আর আজ সেই নোটিশের উত্তর দিলেন রুজিরা। আগামীকাল বাড়িতে এসে কথা বলার জন্যে CBI কে অনুরোধ করেছেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যকে অন্ধকারে রেখেই চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, এখনই মুখ খুলতে নারাজ নবান্ন
অন্যদিকে গতকালই সিবিআই হানা প্রসঙ্গে ট্যুইট করেন অভিষেক। সেখানে তিনি লেখেন, “দুপুর ২টোর সময় সিবিআই নোটিশ দিয়েছে আমার স্ত্রীর নামে। দেশের আইন কানুনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।” এরপরেই আক্রমণে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপি তথা কেন্দ্রের প্রতি তাঁর অভিযোগ, “তবে, যদি তারা মনে করে যে তারা আমাদের ভয় দেখানোর জন্য এই সংস্থাগুলিকে চালনা করবে। তাহলে তাঁরা ভুল করছে। আমরা কাপুরুষ নই।”
আগামীকাল বাড়িতে এসে কথা বলার জন্যে ইমেইল পাঠিয়ে আজ অভিষেকের স্ত্রী জবাব দিয়েছেন সিবিআই কে। কেন্দ্রিয় সংস্থা কে একটি চিঠিতে তিনি লিখেছেন, “মঙ্গলবার ১১ টা থেকে বিকেল ৩টের মধ্যে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন।” বেলা ১১টা থেকে বেলা ৩টের মধ্যে সিবিআইয়ের তদন্তকারী দল তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। একাধিক জনসভা থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব সরাসরি আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। ২০২১ নির্বাচনের প্রাক্কালে অমিত শাহ, নরেন্দ্র মোদি সহ রাজ্যের প্রায় সব নেতারই টার্গেট অভিষেক। কিন্তু এখন পর্যন্ত তাঁর নামে তেমনভাবে কিছু প্রমান না পাওয়ায় আক্রমণ সীমাবদ্ধ থেকেছে জনসভাতেই।
এদিকে তৃণমূল ছাড়ার পর শুভেন্দু অধিকারী একাধিকবার আক্রমণ শানিয়েছেন অভিষেক কে লক্ষ্য করে। প্রকাশ্য জনসভাতে দাঁড়িয়ে শুভেন্দু দাবি করেছেন কালীঘাটে পৌঁছাবে তদন্তকারীরা, তিনি একাধিকবার নাম না করে অভিষেকের স্ত্রীকেও টার্গেট করেন। এবার সেই দাবিই সত্যি করে রুজিরার নামে নোটিশ নিয়ে হাজির হল সিবিআই। প্রশ্ন উঠছে কিভাবে শুভেন্দু জানলেন, কি হতে চলেছে?
রবিবার বেলা পৌনে দুটো নাগাদ সিবিআই-এর পাঁচ জনের একটি দল পৌঁছন ১৮৮ ‘শান্তিনিকেতন’ বাড়িতে। এই বাড়িতেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর দাবি, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য মিলেছে। সূত্রের খবর অনুযায়ী আজই তাঁদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।



