নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু। কয়েকমাস আগেই তাঁকে গ্রেফতার করেছে ইডি। ধৃত কাকুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। সোমবার অর্থাৎ গতকাল তাঁর পুরনো অফিস লিপ্স অ্যান্ড বাউন্সে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। টানা ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে মঙ্গলবার ভোরে তিনটি ব্যাগ হাতে বেরিয়ে আসে তারা। কী রয়েছে এই ব্যাগগুলিতে? তবে কি আরও বিপাকে পড়তে চলেছেন কালীঘাটের কাকু?
আরও পড়ুন: পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক, আন্দোলনে কৃষকরা


মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে নিউ আলিপুরের অফিস থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা। তাদের হাতে ছিল তিনটি ব্যাগ। সূত্রে খবর, এখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সোমবার বেলা বাড়তেই তৎপর হয়ে ওঠে ইডি। কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালায়। কালীঘাটের কাকুর পুরনো অফিস ‘লিপ্স অ্যান্ড বাউন্স’ ছাড়াও সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইয়ের লি রোডের বাড়িতেও হানা দেয় তারা। কেন্দ্রীয় সংস্থার পেশ করা চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, এই ফ্ল্যাটটি আড়াই কোটি টাকা দিয়ে কেনা হয়েছে।

ইডি সূত্রে খবর, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ পর্যন্ত কালীঘাটের কাকুর সংস্থা ‘এসডি কনসালটেন্সি’ থেকে ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ অ্যাকাউন্টে প্রায় ৯৫ লক্ষ টাকা উঠেছে। লিপস অ্যান্ড বাউন্ডসের এই অফিস থেকেই কাজ হত এসডি কনসালটেন্সির। এই অফিসেই মার্লিন গ্রুপের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। সোমবার রাতভর তল্লাশি চলে। প্রসঙ্গত, কালীঘাটের কাকুর পাশাপাশি এস ডি কনসালটেন্সি,ওয়েল্থ উইজার্ড নামক দুটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। এই দুটি সুজয়কৃষ্ণের সংস্থা বলেই জানা গিয়েছে। তবে এস ডি কনসালটেন্সির মূল অংশীদার তিনি নিজেই এবং আরও একজন অংশীদার তাঁর জামাই।



উল্লেখ্য, গ্রেফতারির প্রায় দুমাসের মাথায় সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। গত শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে মূল চার্জশিটটি দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মোট ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান বর্ণনা করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। এছাড়া নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সেতুবন্ধনের কাজটিও কাকু করতেন বলে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে। প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সাথেও তাঁর যোগাযোগ ছিল।
টানা ১৮ ঘণ্টা তল্লাশি, তিনটি ব্যাগ নিয়ে কালীঘাটের কাকুর অফিস ছাড়ল ED








