লোকসভায় পৃথক ব্লক গঠনের পরিকল্পনা থেকে শেষ মুহূর্তে সরে এসে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। রবিবার সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে মিশে যাওয়ার আবেদন জমা দেওয়ার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ এই কৌশলগত পরিবর্তনের নেপথ্যে কী কারণ?
দিনের প্রথমার্ধ পর্যন্ত বিদ্রোহী সাংসদদের পরিকল্পনা ছিল লোকসভার মধ্যেই পৃথক সংসদীয় ব্লক গঠন করে এনডিএ-কে সমর্থন করা। কিন্তু বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর পরিস্থিতি বদলে যায়। বৈঠকেই নতুন দলে যোগ দেওয়ার প্রস্তাবে চূড়ান্ত সম্মতি মিলেছে বলে রাজনৈতিক সূত্রের দাবি।
এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে আসছে আইনি জটিলতার প্রশ্ন। সংবিধানের দশম তফসিল তথা দলত্যাগ-বিরোধী আইন অনুযায়ী, কোনও দলের অন্তত দুই-তৃতীয়াংশ সাংসদ বা বিধায়ক একসঙ্গে অন্য রাজনৈতিক দলে মিশে গেলে তাঁদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগ কার্যকর হয় না। ২০০৩ সালের ৯১তম সংবিধান সংশোধনীর পর এই বিধান আরও স্পষ্টভাবে কার্যকর হয়েছে।
কিন্তু একই রাজনৈতিক দলের মধ্যে থেকে আলাদা সংসদীয় ব্লক গঠনের বিষয়ে সংবিধানে কোনও সুস্পষ্ট বিধান নেই। সেই কারণেই বিদ্রোহী সাংসদদের পৃথক ব্লক তৈরির প্রস্তাব আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই যুক্তিকেই সামনে রেখে বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে আগেই স্পিকারকে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তৃণমূলের কোনও বিচ্ছিন্ন গোষ্ঠীকে আলাদা সংসদীয় স্বীকৃতি দেওয়া সাংবিধানিক প্রশ্নের জন্ম দিতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্পিকারের পক্ষেও একই দলের দুই পৃথক গোষ্ঠীকে আলাদা সংসদীয় মর্যাদা দেওয়া সহজ হতো না। ফলে আইনি ঝুঁকি এড়াতে বিদ্রোহীরা বিকল্প পথ বেছে নিয়েছেন।
এখন প্রশ্ন, কেন এনসিপিআই? রাজনৈতিক সূত্রের মতে, বিদ্রোহী সাংসদদের প্রধান লক্ষ্য ছিল এমন একটি নিবন্ধিত রাজনৈতিক দলে যোগ দেওয়া, যার মাধ্যমে দলত্যাগ-বিরোধী আইনের বাধা এড়ানো সম্ভব হবে। সেই কারণেই অপেক্ষাকৃত কম পরিচিত হলেও নির্বাচন কমিশনে নিবন্ধিত এনসিপিআই-কে বেছে নেওয়া হয়েছে।
ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া ২০২২ সালে আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন জানায়। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও দলটি অংশ নেয়। যদিও জাতীয় বা আঞ্চলিক দলের স্বীকৃতি এখনও পায়নি, তবুও নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল হিসেবে তার আইনি অস্তিত্ব রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এনসিপিআই-এর সংগঠনিক ঠিকানার সঙ্গে পশ্চিমবঙ্গেরও যোগ রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, দলের একটি কার্যালয়ের ঠিকানা হাওড়া জেলার সঙ্গে যুক্ত। বিদ্রোহী সাংসদরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক বিস্তার ঘটানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন।
লোকসভার অন্দরে নতুন রাজনৈতিক পরিচয় নিয়ে আবির্ভূত হওয়ার এই সিদ্ধান্ত শুধু তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতির সমীকরণেও নতুন মাত্রা যোগ করেছে। এখন স্পিকারের সিদ্ধান্ত এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ার দিকেই নজর রাজনৈতিক মহলের।



