নজরবন্দি ব্যুরোঃ ইদের প্রাক্কালে আজ টলিউডের বক্স অফিসে ফের মুখোমুখি দুই সুপারস্টার জিৎ আর দেব (New Bengali Movie)। দক্ষিণের ‘কেজিএফ ২’ ঝড়ে যখন সারা দেশ উত্তাল, তখন টলিউড তার দর্শকদের জন্য ডালি সাজিয়েছে জিতের ‘রাবণ’ আর দেবের ‘কিশমিশ’ দিয়ে। ভক্তরা বলছেন, আজ থেকে বাংলা সিনেমার ডার্বি ম্যাচ শুরু।
আরও পড়ুনঃ মিনি বডিকন ড্রেসে উত্তেজনা বাড়ালেন টাইগার শ্রফের বান্ধবী দিশা


কোভিড পরবর্তী সময় থেকে বাংলা টলি ইন্ডাস্ট্রির বাজার বেশ শোচনীয়। হাতেগোনা কয়েকটা ছবি হিট, বেশিরভাগই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। গত পুজোয় মুক্তি পেয়েছিল জিতের সর্বশেষ ছবি ‘বাজি’, যা একেবারেই নজর কাড়তে পারেনি। অন্যদিকে, পুজোতেই দেবের ‘গোলন্দাজ’ এবং বড়দিনে মুক্তি পাওয়া ‘টনিক’ বড়পর্দায় লাভের মুখ দেখেছে। সিনেমা হলে দর্শক ফিরিয়েছে।

সেদিক থেকে বলা যায়, আজ ‘ডার্বি’ ম্যাচের আগে দেব একটু হলেও এগিয়ে রয়েছেন। অন্যদিকে, ‘রাবণ’ (Raavan) নিয়ে খানিকটা হলেও চাপে থাকবেন জিৎ। তবে দুই সুপারস্টারের কেউই সামনাসামনি এগিয়ে বা পিছিয়ে থাকার কথা স্বীকার করছেন না। দুজনেই বলছেন, বাংলা ইন্ডাস্ট্রির খারাপ সময় কাটাতে দুই ছবিই সুপারহিট হোক। এমনকি একে অপরকে টুইটে শুভেচ্ছাও জানিয়েছেন।
তবে ‘রাবণ’ বনাম ‘কিশমিশ’ -এর এই লড়াইয়ে প্রথম থেকেই অনেকটা এগিয়ে রয়েছেন জিৎ। দু’ সপ্তাহ আগে ‘রাবণ’ -এর ট্রেলার লঞ্চ করেছে। এখনও পর্যন্ত ওই ট্রেলারটি দেখেছেন ৩০ লাখ ৭৩ হাজার ৬৭০ জন। ট্রেলারে লাইকের সংখ্যা এক লাখ ৩৫ হাজারের কাছাকাছি।


এদিকে দেবের ছবি ‘কিশমিশ’ (Kishmish) -এর ট্রেলারটি মুক্তি পেয়েছিল মাসখানেক আগে। যা দেখেছেন আট লাখ ৫৩ হাজার ৬৭২ জন। ওই ট্রেলারে লাইকের সংখ্যা ৫৭ হাজার। স্বাভাবিকভাবেই দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছেন জিৎ।

তবে চাপ কি একেবারেই নেই? আছে। থাকতে বাধ্য। সেকথা একপ্রকার ঘুরিয়ে ফিরিয়ে স্বীকার করেই নিয়েছেন দেব। ‘টনিক’ হিট হওয়ার আত্মবিশ্বাস যে এই সিনেমায় তেমন কাজে লাগছে না, দেবের একটি টুইটেই তা দিনের আলোর মতো পরিষ্কার। গভীর রাতে দেব টুইটে করেছেন, ‘আজকাল এমন ছবি খুব কমই আসে যার মুক্তির আগে রাত জাগতে হয় টেনশনে। কিশমিশ তার মধ্যে অন্যতম।’ এদিকে, জিতও বরাবরের মতো ছবি মুক্তির দিন ভোরবেলা পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে।
জিতের রাবণ না দেবের কিশমিশ? বক্স অফিসে আজ কার ভোট কত বেশি?

ইদের বাজারে দেব-জিতের সম্মুখ সমরে জিতবে কে (New Bengali Movie)? এই লাখ টাকার প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। তবে সুপারস্টারদের অনুরাগীরাও বলছেন, আর টক্কর নয়। এবার হাতে হাত মিলিয়ে বাংলা ছবির মরা গাঙে জোয়ার আনবেন দুই তারকাই।







