নজরবন্দি ব্যুরোঃ চলতি অধিবেশনেই ব্যাঙ্ক আইন সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের সেই নীতির বিরুদ্ধে এবার সোচ্চার হলেন হাওড়ার বিজেপি নেতা রন্তীদেব সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, বেচে দেওয়ার ভয়াবহ খেলায় নেমেছেন সরকার। কলকাতা পুরভোটের ঠিক ২৪ ঘন্টা আগে বিজেপি নেতার এই কথায় বেশ অস্বস্তিতে পড়তে চলেছেন মুরলীধর সেন লেনের নেতারা।
আরও পড়ুনঃ KMC Election 2021: সকাল থেকে চলছে নাকা চেকিং, উত্তেজনাপ্রবন বুথের তালিকা প্রকাশ


নিজের ফেসবুকে বিধানসভা নির্বাচনে হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী বলেন, “ইন্দিরা গান্ধী ব্যাঙ্ক জাতীয়করণ করেছিলেন। তাতে আমরা নিশ্চিন্ত হয়েছিলাম। তারপর থেকেই আমাদের সামান্য সঞ্চয়ের টাকাটুকু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই রেখেছি। নিশ্চিন্ত থেকেছি। এতদিন পর আবার আমাদের নিরাপত্তা বোধে আঘাত লাগছে। সরকার বাহাদুর আবার এক অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়ে মাথাপিছু ৫ লক্ষ টাকা ধরিয়ে দিয়ে মহান সাজতে চাইছেন”।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, ব্যাঙ্ক ফেল করলে প্রত্যেক আমানতকারীদের ৫ লক্ষ্য টাকা করে দেবে সরকার বাহাদুর। কিন্তু প্রধানমন্ত্রী ব্যাঙ্ক ফেল করার আগাম গাওনা গাইছেন কেন? বেচে দেওয়ার এক ভয়াবহ খেলায় নেমেছেন তাঁরা। সে খেলায় আদানি আম্বানিরা আরও সম্পদশালী হয়ে উঠবে হয়তো, কিন্তু আমরা এসে পৌঁছব সর্বনাশের দ্বারপ্রান্তে। কল্যাণকামী দেশ থেকে তাঁরা ক্রমশ একটি ব্যবসায়িক রাষ্ট্রে পরিণত করতে চাইছেন।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বৃহস্পতিবার এবং শুক্রবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল আম জনতাদের। ব্যাঙ্ক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, চলতি অধিবেশনে ব্যাঙ্ক আইন সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। সেই বিলে ১৯৭০ থেকে ১৯৮০ ব্যাঙ্ক কোম্পানি আইন এবং ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার৷ যার ফলে ব্যাঙ্ক বেসরকারিকরণ আরও মসৃণ হবে।


বেচে দেওয়ার ভয়াবহ খেলায় নেমেছেন, সরকারের সিদ্ধান্তে ক্ষোভ বিজেপি নেতার

ঠিক তার পরেই বিজেপি নেতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। তবে কী দলবদল করতে চলেছেন তিনি? যদিও বিজেপি নেতার বক্তব্য, কারোর পরোয়া না করেই এই বক্তব্য পেশ করেছেন তিনি। তবে এর সঙ্গে দলবদলের কোনও সম্পর্ক নেই।







