নজরবন্দি ব্যুরোঃ রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে রয়েছে নির্বাচন। তার ঠিক ২৪ ঘন্টা আগে থেকেই শহরজুড়ে সকাল থেকে চলছে নাকা চেকিং। প্রতিটি বুথের ২০০ মিটার পরিধির মধ্যে জারি ১৪৪ ধারা। এরই মধ্যে উত্তেজনাপ্রবন বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ দেউচা পাঁচামিতে বিশেষ দায়িত্ব পেয়েছিলেন, এবার তৃণমূলের প্রচারে ‘সক্রিয়’ পরমব্রত!


কমিশনের তরফে প্রকাশিত তালিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মোট বুথের সংখ্যা ৪,৯৫৯ টি। কলকাতা পুরসভার ১৬ টি বরোর মধ্যে ১১৩৯ টি বুথ উত্তেজনাপ্রবন। এর মধ্যে ৭৮৬ টি বুথে স্পর্শকাতর। সবচেয়ে বেশী স্পর্শকাতর বুথ রয়েছে সাত বম্বর বরোতে। যেখানে বুথের সংখ্যা ২৫০ টি। সবচেয়ে কম স্পর্শকাতর বুথ রয়েছে ১৩ নম্বর বরোতে। বুথের সংখ্যা ২২ টি।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের নিরাপত্তারক্ষীরা থাকেন, প্রচার শেষের পরে নিজের কেন্দ্রের বাইরে তাঁরা থাকতে পারবেন না। ভোটের দিন ভোট কেন্দ্রে ভোট দিয়েই সেখান থেকে চলে যেতে হবে। ভোট কেন্দ্রে নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার থাকবে না। ভোটদানের আগে অথবা পরে যত্রতত্র ঘুরে বেড়াতে পারবেন না। যদিও এই নিয়মবিধি প্রার্থীদের ক্ষেত্রে বলবৎ হচ্ছে না।
সকাল থেকে চলছে নাকা চেকিং, ভোটের আগে বাড়ছে কলকাতার পারদ

বহিরাগতদের প্রবেশ আটকাতে কলকাতা পুলিশের নাকা চেকিং চলছে। নাকা চেকিং চলছে নিউ মার্কেট এলাকায়। বিশেষ নজরদার রয়েছে চিংড়িঘাটা এলাকায়। সেখানে নজরদারি রয়েছে বিধাননগর পুলিশের। আলাদা করে নজর রয়েছে নরেন্দ্রপুর এলাকায়। বাইক আরোহী এবং পথ চলতি মানুষকে জিজ্ঞাসাবাদ চলছে। ঢালাই ব্রিজ এবং শীতলা মন্দির এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। রাস্তার পাশাপাশি হোটেল গুলিতে চেকিং চালাচ্ছে পুলিশ। শহরের নির্মিয়মান বাড়ি, বহুতল এবং গেস্ট হাউজগুলিতেও রয়েছে পুলিশের নজরদারি।









