বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের মাত্র এক মাসের মধ্যেই মুর্শিদাবাদের রানিনগরে ভিন্ন রাজনৈতিক ছবি সামনে এল। শেখপাড়া-নজরানা সমবায় সমিতির নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি। বরং সিপিএম সবচেয়ে বেশি আসন জিতে নজর কেড়েছে, কংগ্রেস ও তৃণমূলও পেয়েছে প্রতিনিধিত্ব।
রবিবার মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়া-নজরানা সমবায় সমিতির ভোটগ্রহণ ও ফল ঘোষণা হয়। মোট ৬টি আসনের মধ্যে সিপিএম ৩টি, কংগ্রেস ২টি এবং তৃণমূল কংগ্রেস ১টি আসনে জয়লাভ করে। ফলে এই নির্বাচনে সম্পূর্ণ শূন্য হাতে ফিরতে হয়েছে বিজেপিকে।


উল্লেখ্য, খুব সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৮টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৮০টি আসন, কংগ্রেস ২টি এবং সিপিআইএম মাত্র ১টি আসনে জয় পেয়েছিল।
সেই প্রেক্ষাপটে মাত্র এক মাসের ব্যবধানে হওয়া এই সমবায় নির্বাচন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। স্থানীয় স্তরে বিজেপির একটিও আসন না পাওয়ায় বিরোধী শিবিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
রানিনগর বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণও এই ফলাফলকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস। দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম, তৃতীয় স্থানে তৃণমূল এবং চতুর্থ স্থানে ছিল বিজেপি।


সমবায় নির্বাচনের ফল সেই স্থানীয় রাজনৈতিক প্রবণতারই প্রতিফলন কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে সিপিএমের সর্বাধিক আসন জয় এবং বিজেপির খাতা না খোলার ঘটনা রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে।
তবে এই ফলাফলকে বৃহত্তর রাজ্য রাজনীতির সূচক হিসেবে দেখার আগে স্থানীয় সমীকরণগুলিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তা সত্ত্বেও রানিনগরের সমবায় ভোটের ফল যে আগামী দিনে রাজনৈতিক চর্চার বিষয় হয়ে থাকবে, তা বলাই যায়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



