নতুন বছরে বড় চমক, একই ছবিতে রজনীকান্ত ও শাহরুখ খান?

মিঠুন চক্রবর্তীর ইঙ্গিতে জল্পনা—রজনীকান্তের ‘জেলার ২’-তেই কি প্রথমবার পূর্ণাঙ্গ স্ক্রিন শেয়ার করবেন দুই সুপারস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীদের জন্য বড় চমকের ইঙ্গিত। দক্ষিণ ও বলিউড—দু’দুনিয়ার দুই মহাতারকা রজনীকান্ত এবং শাহরুখ খান—এই প্রথম পূর্ণাঙ্গভাবে এক ছবিতে একসঙ্গে দেখা যেতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী

দর্শকমহলে ইতিমধ্যেই রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি জেলার ২ নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেই ছবিতেই নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। যদিও নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু মিঠুনের বক্তব্য জল্পনাকে আরও উসকে দিয়েছে।

সাক্ষাৎকারে মিঠুন জানান, এই ছবিতে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তাঁর বিপরীতেই থাকবেন ছবির অন্যান্য তারকারা। তাঁর কথায়, “এই ছবিতে রজনীকান্ত, মোহনলাল এবং শাহরুখ—সবাই আমার বিরুদ্ধে।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, ‘জেলার ২’-এ মিঠুনকে সম্ভবত শক্তিশালী খলনায়কের ভূমিকায় দেখা যাবে।

নতুন বছরে বড় চমক, একই ছবিতে রজনীকান্ত ও শাহরুখ খান?
মিঠুন চক্রবর্তী।

যদি এই তথ্য সত্যি হয়, তবে সেটিই হবে রজনীকান্ত ও শাহরুখ খানের প্রথম পূর্ণাঙ্গ স্ক্রিন শেয়ার। এর আগে ২০১১ সালে শাহরুখ অভিনীত Ra.One ছবিতে রজনীকান্তের একটি ক্যামিও ছিল। তবে সেই দৃশ্যে রজনীকান্ত সশরীরে উপস্থিত ছিলেন না বলে পরে জানিয়েছিলেন অভিনেতা সুরেশ মেনন। শারীরিক অসুস্থতার কারণেই তখন স্টান্ট ও ভিজ্যুয়াল এফেক্টের সাহায্যে দৃশ্যটি তৈরি করা হয়েছিল।

সেই অভিজ্ঞতার পর প্রায় দেড় দশক কেটে গিয়েছে। তাই ‘জেলার ২’-এ যদি সত্যিই রজনীকান্ত ও শাহরুখ মুখোমুখি হন, তা হলে সেটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে বলেই মনে করছেন অনেকে।

এখন প্রশ্ন একটাই—নির্মাতারা কবে আনুষ্ঠানিকভাবে এই বহু প্রতীক্ষিত যুগলবন্দির খবর নিশ্চিত করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত