আইপিএলের ইতিহাসে নজিরবিহীন চুক্তি। কোটি টাকার এই লিগে আরেকটি বড় মাইলফলক—রেকর্ড ১৫,৩০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। মালিকানা বদলের এই সিদ্ধান্ত শুধু ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নয়, আইপিএলের আর্থিক শক্তিকেও নতুন মাত্রায় পৌঁছে দিল। চলতি মরশুম থেকেই নতুন মালিকের অধীনে খেলতে নামবেন রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালরা।
বর্তমান মালিক মনোজ বাদালের হাত থেকে ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ যাচ্ছে মার্কিন ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের হাতে। জানা গেছে, সোমানিদের পক্ষ থেকে দেওয়া ১.৬৩ বিলিয়ন ডলারের (প্রায় ১৫,৩০০ কোটি টাকা) অফার গ্রহণ করেছে রাজস্থান রয়্যালসের বোর্ড।


এর আগে কলম্বিয়া পেসিফিক ক্যাপিটাল পার্টনার্স (সিপিসিপি) রাজস্থান কিনতে ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু মালিকানা হস্তান্তরের জটিলতা এবং অন্যান্য শর্ত পছন্দ না হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দরেই চুক্তি চূড়ান্ত হয়।
বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির প্রায় ৬৫ শতাংশ শেয়ার রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে, যার মালিক মনোজ বাদালে। এছাড়াও অংশীদার হিসেবে রয়েছেন ল্যাচলান মারডক (১৩%) এবং রেডবার্ড ক্যাপিটাল (১৫%)। এই শেয়ার কাঠামোতেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
উল্লেখযোগ্যভাবে, রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে ছিলেন আরও কয়েকজন বিনিয়োগকারী। তবে শেষ পর্যন্ত রেকর্ড দামে জয়পুরের এই ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের করে নেয় সোমানি কনসোর্টিয়াম।


এর আগে আইপিএলের অন্যতম বড় ডিল ছিল গুজরাট টাইটান্সকে ঘিরে, যেখানে সিভিসি ক্যাপিটালস ৬৭ শতাংশ শেয়ার কিনেছিল ৫,০২৫ কোটি টাকায়, যার ভিত্তিতে দলের মূল্যায়ন হয়েছিল প্রায় ৭,৫০০ কোটি টাকা। সেই তুলনায় রাজস্থানের এই নতুন মূল্যায়ন প্রায় দ্বিগুণেরও বেশি।
২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর ২০২২ সালে আবার ফাইনালে উঠলেও গুজরাট টাইটান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে নতুন মালিকানায় দলটি নতুন করে সাফল্যের দৌড়ে নামবে বলেই মনে করছে ক্রিকেটমহল।









