পূর্বের দেওয়া কথা মত উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃতদের পরিবারের সাথে দেখা করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে মৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে দিলেন সাহায্যের আশ্বাস। কথা বললেন সাধারণ মানুষের সাথেও। কিভাবে এই ঘটনা ঘটলো তাও জানতে চেষ্টা করলেন রাহুল। উল্লেখ্য হাথরাসে সৎসঙ্গের এক অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। আহত হয়েছেন বহু মানুষ।

এখনো অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনা নিয়ে শাসক এবং বিরোধী দলের তরজা শুরু হয় লোকসভার অন্দরে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ। এফআইআর এ আয়োজকদের নাম থাকলেও স্বঘোষিত বাবা ভোলেবাবার নাম নেই। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ।



এদিকে ঘটনা প্রসঙ্গে আলিগড় রেঞ্জের পুলিশ আইজি শলভ মাথুর জানিয়েছেন, হাথরাসের ওই ধর্মসভার আয়োজকদের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এখনও। তবে প্রধান অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর এখনও পলাতক। দেবপ্রকাশ মধুকর ধরিয়ে দেওয়ার জন্যে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই আবহে আজ সকালে আলিগড়ের নবীপুর খুরদ এবং পিলখানা গ্রামে যান রাহুল গান্ধী।
হাথরাসে পদপৃষ্ট হয়ে মৃতদের পরিবারের সাথে দেখা করলেন রাহুল, দিলেন সাহায্যের আশ্বাস

সেখানে তিনি মৃত শান্তি দেবী এবং মঞ্জু দেবীর পরিবারের সঙ্গে দেখা করেন। পরে শান্তি ও মঞ্জু দেবীর পরিবারের সদস্যরা সংবাদসংস্থাকে জানান, রাহুল গান্ধী তাঁদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল জানান, দলের মাধ্যমে কী কী ভাবে তাঁদের সাহায্য করা যায়, সেই সব দিকে তিনি নজর দেবেন। উল্লেখ্য, গতকালই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হাথরাসে যাবেন রাহুল গান্ধী। তবে সংসদ অধিবেশন থাকাই কবে তিনি সেখানে পৌঁছবেন তার দিনক্ষণ বলা হয়নি। কিন্তু আজই রাহুল সেখানে গিয়ে কথা বললেন মৃতদের পরিবারের সাথে।









