উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু। সৎসঙ্গের অনুষ্ঠানে ব্যপক ভিড় হয়েছিল সেই সময় লোকজন ছোটাছুটি করা শুরু করে দেন। তারপরই পদপিষ্টের ঘটনা হয়। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর এই হাথরসের এক দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই হাথরসই আবার পদপিষ্টের ঘটনায় গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে।



আর তার সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভিড়ের চাপে প্রাণ হারিয়েছেন মহিলা ও শিশুরাও। মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে শিবপুজোর সৎসঙ্গ অনুষ্ঠান ছিল। যেখানে যোগ দিয়েছিলেন শয়ে শয়ে ভক্ত।

অনুষ্ঠান শেষে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বেরনোর চেষ্টা করেন অনেকে। তখনই ভিড়ের চাপে পদপিষ্ট বহু মানুষ। অন্যদিকে, ইটার এসএসপি রাজেশ কুমার জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন পুরুষ, ৩জন শিশু এবং ২৩ জন মহিলা। কাজেই মৃতদের পরিচয় নিয়ে বিভ্রান্তি রয়েছে। এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু, যোগী রাজ্যে ফের বিপর্যয়

অন্তত ১০০ জন সংজ্ঞা হারিয়েছিলেন। তাঁদের ট্রাকে এবং বাসে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পদপিষ্ট হয়ে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন. প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে৷ পাশাপাশি,আগরা এবং আলিগড় থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন যোগী৷







