বাবার প্রাণের আশঙ্কা করেছিলেন সেই সময়েই। মাকে জানিয়েছিলেন, নিরাপত্তার ব্যবস্থা না বদলালে হয়তো খুব শীঘ্রই বাবার শেষকৃত্যে যোগ দিতে দেশে ফিরতে হবে তাঁকে। শেষ পর্যন্ত সত্যিই ঘটেছিল তেমনই। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajiv Gandhi)। দীর্ঘ ৩৫ বছর পর সেই স্মৃতি ফিরে দেখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মা সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra) সঙ্গে এক আলোচনায় রাহুলের বিস্ফোরক অভিযোগ, বাবার নিরাপত্তা প্রত্যাহার কোনও আকস্মিক ঘটনা ছিল না। তাঁকে হত্যার উদ্দেশ্যেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) ঘিরেই এই আলোচনা। বইয়ের কিছু অপ্রকাশিত স্মৃতি নিয়ে মা ও বোনের সঙ্গে কথা বলেছেন রাহুল। সেই কথোপকথনের ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। সেখানেই উঠে এসেছে রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগ, ১৯৯১ সালে বিহার সফরের অভিজ্ঞতা এবং বাবার সঙ্গে নিরাপত্তা নিয়ে রাহুলের তর্কের কথা।
সোনিয়া জানান, ১৯৯১ সালে বিরোধী দলনেতা থাকাকালীন রাজীব গান্ধী বিহার সফরে গিয়েছিলেন। সেই সফরে তিনি একটি খোলা জিপে প্রচার করছিলেন। রাস্তায় তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, ওঠে বিরূপ স্লোগানও। সোনিয়ার অভিযোগ, বিরোধী শাসিত রাজ্যে রাজীবের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা যথেষ্ট গুরুত্ব দিতেন না তাঁর সুরক্ষাকে। গোটা সফরটিই ছিল অত্যন্ত উদ্বেগজনক।
সেই সফরে বাবার সঙ্গেই ছিলেন তরুণ রাহুল। নিজের চোখে পাথর ছোড়া ও বিক্ষোভের ঘটনা দেখেছিলেন তিনি। বাড়ি ফিরে মাকে বলেছিলেন, “মা, বাবার নিরাপত্তা নিয়ে আমরা যদি কিছু না করি, তা হলে খুব শীঘ্রই তাঁর শেষকৃত্যে যোগ দিতে আমাকে দেশে ফিরতে হবে।” ছেলের সেই আশঙ্কার কথা এত বছর পর স্মরণ করলেন সোনিয়া।
আলোচনায় রাহুল বলেন, বাবার নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি তাঁর কাছে বরাবরই সন্দেহজনক ছিল। তাঁর কথায়, “বাবার নিরাপত্তা সরানো হয়েছিল তাঁকে হত্যা করার জন্য। নিরাপত্তা তুলে নেওয়াটা কোনও দুর্ঘটনা ছিল না। ইচ্ছাকৃতভাবেই তা করা হয়েছিল। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে তাঁকে হত্যা করা যায়।” এই বিষয়ে বাবার সঙ্গেও তাঁর তর্ক হয়েছিল বলে জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।
রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে বিতর্কের সূত্রপাত ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনের পর। সেই নির্বাচনে কংগ্রেস পরাজিত হয় এবং ভিপি সিংয়ের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর রাজীবের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আসে। তৎকালীন আইনি কাঠামোয় এসপিজি (SPG) সুরক্ষা মূলত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই সুরক্ষা বজায় রাখার ব্যবস্থা ছিল না। রাজীবের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে পরবর্তী সময়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।
প্রধানমন্ত্রী থাকাকালীন রাজীব গান্ধী দীর্ঘদিন কড়া নিরাপত্তার মধ্যে থাকতেন। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। বুলেটপ্রুফ পোশাকও পরতেন তিনি। তবে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ ছিল, অতিরিক্ত নিরাপত্তার কারণে সাধারণ মানুষের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। ১৯৮৯ সালে ক্ষমতা হারানোর পর প্রচারে সাধারণ মানুষের কাছে পৌঁছতে নিরাপত্তার কিছু বিধিনিষেধের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন রাজীব।
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে নির্বাচনী প্রচারে গিয়ে এলটিটিই-র (LTTE) আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তার আগে ১৯৮৪ সালে নিজের নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর মা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। পরপর দুই হত্যাকাণ্ড গান্ধী পরিবারের জীবনে গভীর ক্ষত তৈরি করেছিল।
রাজীব গান্ধীর হত্যার পর প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে আইনেও পরিবর্তন আনা হয়। সংশোধিত এসপিজি আইনে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁদের পরিবারের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত এসপিজি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তবে এত বছর পর রাহুল গান্ধীর মন্তব্যে ফের সামনে এল রাজীবের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে পুরনো বিতর্ক। তাঁর অভিযোগের পক্ষে নতুন কোনও প্রমাণ এই আলোচনায় প্রকাশ করা হয়নি। ফলে নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তের পিছনে সত্যিই হত্যার উদ্দেশ্য ছিল কি না, তা এখনও রাজনৈতিক অভিযোগ হিসেবেই রয়ে গেল।



