নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন সীমান্তে সেনা এবং পুলিশের বেধড়ক মারধর আটকে পড়া পড়ুয়াদের। সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে উঠে এসেছে এরকমই শিউরে ওঠার মতন দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে, রোমানিয়া এবং পোল্যান্ডের পুলিশ আটকে পড়া ভারতীয় ছাত্র ছাত্রীদের লাথি মারছে এবং চুড়ান্ত মারধর করছে। এই ঘটনা নিয়ে এবার সরব হলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।


এই ঘটনার নিন্দা জানিয়ে রাহুল লেখেন, “আমার হৃদয় ওই সমস্ত ভারতীয় পড়ুয়াদের জন্য ব্যথিত করে তোলে। এই সমস্ত ভিডিয়ো ওই পরিবারগুলো ও তাঁদের বাবা-মায়েরা কী করে মেনে নিতে পারেন”? পাশাপাশি ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।

তাঁর পরামর্শ, “অবিলম্বে ভারত সরকারের উচিত ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানো ও তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনা”। উল্লেখ্য একজন ছাত্রের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয়রা ইউক্রেন পোল্যান্ড সীমান্তে বসে রয়েছে। তারা অপেক্ষা করছে কোনও ভাবে দেশে ফিরে আসার।
কিন্তু সেই রাস্তার উপর বসে থাকা কালিনই তাদের লাথি মারছে এবং চূড়ান্ত হয়রানি করছে সীমান্ত বাহিনী। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসতে রবিবার রাতে দিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ফের সোমবার সকালে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।


ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের বেধড়ক মারধর, সরব রাহুল গান্ধী
ওই বৈঠকে জোর দেওয়া হয় ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনতে হবে। এরজন্য কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।







