ভোটের ময়দানে প্রথমবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলী লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন। কয়েকদিন আগেই বাংলার শিল্প নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। ‘মিম’-এ ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার সেই মিমগুলির জবাব দিতেই একেবারে মাঝ রাস্তায় রিল বানিয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।



আরও পড়ুন: শুধু চুল নয়, মুখের জেল্লা ফেরাতেও পেঁয়াজের জুরি মেলা ভার, কীভাবে ব্যবহার করবেন?
হাতে আর এক সপ্তাহ, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে হুগলীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও সেভাবেই প্রচারের কাজে পৌঁছে গিয়েছিলেন নির্বাচনী এলাকায়। রাস্তায় যাওয়ার সময় আচমকাই দাঁড়িয়ে পড়েন তিনি। এরপরই বানিয়ে ফেলেন রিল। কারণ, ওই এলাকায় দেখা যায় একটি চিমনি, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। রচনার পরনে ছিল হলুদ চুরিদার। চোখে হলুদ ফ্রেমের চশমা।



রিলে ধোঁয়া দেখিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের হুগলীর ধোঁয়া। যেটা আমি সবসময় দেখি আসা যাওয়ার পথে। এটা সিগারেট-বিড়ির ধোঁয়া নয়, এটা মেশিনের ধোঁয়া।’ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি যখন বলেছিলাম রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখেছি। তখন সবাই বলছিলেন বিড়ির ধোঁয়া দেখেছেন। এইবার কী বলবেন সবাই। ওটা বিড়ির ধোঁয়া না কীসের ধোঁয়া আপনারাই বিচার করুন।’ তিনি আরও বলেন, ‘আমি সবুজায়নে বিশ্বাসী। শিল্প তো আছে। শিল্প হচ্ছে। অনেক শিল্পের প্রয়োজন। আগামী ৪ জুনের পর আরও ধোঁয়া হবে। এবার চোখ অন্ধকার হয়ে যাবে।’
হুগলীর রাস্তায় ধোঁয়া দেখেই ‘রিল’ বানালেন রচনা, ‘মিম’-এর জবাব দিলেন তৃণমূল প্রার্থী

প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে হুগলীর বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘মানুষ সব দেখছে। সিঙ্গুরের কৃষক কাঁদছে বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ডানলপকে শেষ করে দেওয়া হয়েছে। আমি তো কোনও উন্নয়ন দেখতে পাচ্ছি না।’







