একসাথে কাজ করা অসম্ভব, বিশ্বাসযোগ্য নয় বেচারাম! বিস্ফোরক রবীন্দ্রনাথ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একসাথে কাজ করা অসম্ভব, বিশ্বাসযোগ্য নয় বেচারাম! বেচারাম মান্নার সাথে আসন্ন বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করা যে অসম্ভব, তা জানিয়ে দিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। শুক্রবার বেচারাম সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন রবীন্দ্রনাথের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে আসন্ন নির্বাচনে লড়াই করার কথা। কিন্তু শনিবার বেচারামের সেই কথায় অবিশ্বাস পোষণ করলেন সিঙ্গুরের বিধায়ক!

আরও পড়ুনঃ আলোর উৎসবের দিন সুস্থতার রেকর্ড রাজ্যে। করোনা মুক্তির পথে বাংলা।

শনিবার সিঙ্গুরের মাস্টারমশাই নামে পরিচিত বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর বাড়িতে বসেই বললেন, “বেচারাম মান্নার এই কথা বিশ্বাস করতে পারছি না।” সবথেকে তাৎপর্যপূর্ণ ভাবে রবীন্দ্রনাথ বলেন, বেচারাম যদি একসাথেই কাজ করতে চান “তাহলে মহাদেব দাসকে ব্লক সভাপতি মেনে নিতে সমস্যা কোথায়?”

পাশাপাশি তাঁর প্রশ্ন, “বেচারাম মান্না হরিপালের বিধায়ক হিসাবে হরিপালের সভাপতি ঠিক করতে পারেন, সেখানে আমি সিঙ্গুরের বিধায়ক হিসেবে স্থানীয় সভাপতি নির্ধারণ করতে পারব না? রবীন্দ্রনাথ বাবু প্রশ্ন তোলেন বেচারামের অধিকার নিয়েও। তাঁর কথায়, “বেচারাম মান্না কোন অধিকারে নাক গলিয়ে তাঁর পছন্দমতো সভাপতি নির্বাচন করেন? যাঁকে সভাপতি হিসেবে বেচারাম মান্না বেছে নিয়েছেন তাঁকে কোনওমতেই মেনে নেওয়া সম্ভব নয়।”

রবীন্দ্রনাথ ভট্টাচার্য অভিযোগ করেন, তিনি যখন সভাপতি ছিলেন তখন সিঙ্গুরের দলীয় কার্যালয় ব্যবহার করার জন্যে তাঁকে চাবি দেওয়া হয়নি। প্রাক্তন ব্লক সভাপতি মহাদেব দাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাই বারবার অপমান সহ্য করার পর আর নতুন করে সিদ্ধান্ত বদল করা সম্ভব নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন হরিপালের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছিল, আগামিকাল বেচার অনুগামীরাও দল থেকে পদত্যাগ করবেন। কিন্তু সেই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন সুব্রত বক্সি।

বেচারামের পদত্যাগের কথা শোনামাত্রই তোপসিয়ার তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয় তাঁকে। হরিপালের বিধায়ক কে ডেকে পাঠান সুব্রত বক্সি। সূত্রের খবর, অভিমানে-অনুযোগে চোখে জল চলে আসে বেচারামের। পরে সুব্রত বক্সির বকুনি খেয়ে বেচা জানিয়ে দেন কোনভাবেই দল ছাড়বেন না তিনি! তাঁকে রবীন্দ্রনাথের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত