পিছিয়ে গেল আরজি কর মামলার ‘সুপ্রিম’ শুনানির সময়! নেপথ্যে কারণ কী?

সকাল সাড়ে ১০টার সময় আদালত বসলে প্রথমেই এই মামলাটির ডাক হত। সোমবার প্রথমবারের জন্য যার ব্যতিক্রম হতে চলেছে। দুপুর ২টোর সময় মামলাটির শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ৩০ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পঞ্চম শুনানি। গোটা রাজ্যবাসী সেই দিকে তাকিয়ে রয়েছে। কি হবে মামলার শুনানিতে! এদিকে শীর্ষ আদালত সূত্রে খবর, আরজি কর মামলার শুনানি কিছুটা পিছিয়ে গিয়েছে। সোমবার দুপুর ২টোর সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে। তালিকায় ৪২ নম্বর রয়েছে মামলাটি।

গত ২০ অগস্ট সুপ্রিম কোর্টে প্রথমবার আরজি কর মামলার শুনানি হয়। আরজি কর হাসপাতালের এই মামলাটিকে স্বতঃপ্রণোদিত ভাবে নিয়েছে শীর্ষ আদালত। প্রতিবারই তালিকার প্রথম স্থানে ছিল মামলাটি। সকাল সাড়ে ১০টার সময় আদালত বসলে প্রথমেই এই মামলাটির ডাক হত। সোমবার প্রথমবারের জন্য যার ব্যতিক্রম হতে চলেছে। দুপুর ২টোর সময় মামলাটির শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। এই মামলায় রয়েছে মোট ৪২টি পক্ষ। নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দু’শোর বেশি!

কিন্তু ঠিক কি কারণে এই সময় পরিবর্তন করা হল তা সরাসরি জানায়নি সুপ্রিম কোর্ট। তবে মনে করা হচ্ছে, এই মামলা প্রথমেই শুনতে গেলে বিচারপতিদের অনেকটাই সময় লেগে যাচ্ছে। যার ফলে অন্যান্য মামলায় কিছুটা অসুবিধা হচ্ছে। যে কারণে দুপুরের পর একটি নির্দিষ্ট সময় রাখা হয়েছে আরজি কর মামলার শুনানির জন্য। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের আইনজীবীদের সমস্যা থাকার কারণে শুনানি পিছিয়ে যায়।

গত ১৭ সেপ্টেম্বর শেষবার আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেদিন সিবিআই-এর তরফে মুখবন্ধ খামে তদন্তের যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয় তা দেখে বিস্ময় প্রকাশ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, এই মুহূর্তে তদন্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সোমবার রাজ্যের তরফে আইনজীবী হিসেবে লড়বেন কপিল সিব্বল, সিবিআই-এর সলিসিটার জেনারেল থাকবেন তুষার মেহতা, জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং। নির্যাতিতার আইনজীবি হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বদলে বৃন্দা গ্রোভারকে নিযুক্ত করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত