অবশেষে প্রতীক উরকে নিয়ে মুখ খুললেন সেলিম, কী বললেন লাল দলের রাজ্য সম্পাদক?

তৃণমূলে যোগের জল্পনার মাঝে প্রতীক উরকে ‘সন্তান’-এর সঙ্গে তুলনা মহম্মদ সেলিমের। সিপিএমে ভাঙনের আশঙ্কা ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিপিএমের তরুণ মুখ প্রতীক উর রহমানকে ঘিরে রাজনৈতিক জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। তিনি কি দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন? রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন যখন আলোচনার কেন্দ্রবিন্দু, তখন আবেগঘন মন্তব্য করে পরিস্থিতিকে নতুন মাত্রা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর কথায়, “প্রতীক উরকে হারানো আমার কাছে সন্তানের মতো কাউকে হারানোর সমান।”

দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে দলের নেতৃত্ব, বিশেষ করে তাঁকেই লক্ষ্য করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রতীক উর রহমান, যিনি একসময় এসএফআইয়ের সক্রিয় নেতা এবং বর্তমানে সিপিএম রাজ্য কমিটির সদস্য।

রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতীক উর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সম্মান ও শ্রদ্ধার কথা প্রকাশ্যে বলেছেন। পাশাপাশি তিনি দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার ইঙ্গিত দিয়ে রাজ্য সম্পাদককে চিঠিও পাঠিয়েছেন বলে জানা গেছে।

এর পর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যদিও তৃণমূলে যোগ দেবেন কি না—এই প্রশ্নে এখনও স্পষ্ট কোনও অবস্থান নেননি প্রতীক উর। সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ না বলায় জল্পনা আরও বাড়ছে রাজনৈতিক মহলে।

সিপিএম নেতৃত্ব অবশ্য এখনও প্রকাশ্যে সম্পর্কের দরজা বন্ধ করতে চাইছে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সেলিমের আবেগঘন মন্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে—দল চাইছে ভাঙন নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান।

এখন নজর প্রতীক উরের পরবর্তী পদক্ষেপে। তিনি আদৌ দল ছাড়বেন, নাকি মতপার্থক্যের মধ্যেই সমাধান খুঁজবে সিপিএম—তা স্পষ্ট হবে আগামী কয়েকদিনেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত