বোলপুর থানার আইসিকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে চাপে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শনিবার বেলা ১১টার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে (Bolpur SDPO Office) হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি হাজিরা দেননি।
এদিন দুপুর ১২টার পরেই পুলিশ অনুব্রতকে দ্বিতীয় নোটিস পাঠায়। নতুন নির্দেশে বলা হয়েছে, রবিবার বেলা ১১টার মধ্যে তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে এসডিপিও অফিসে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনজীবীর মাধ্যমে শনিবার না আসার কারণ জানানো হয়েছে। অনুব্রতের শরীর ভালো না থাকায় হাজিরা দিতে পারেননি বলে দাবি আইনজীবীর। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এদিনই তাঁকে দ্বিতীয় নোটিস পাঠানো হয়েছে।
হাজিরা না দেওয়া অনুব্রতকে ফের নোটিস পুলিশের, রবিবার না থানায় না এলে গ্রেফতার!!

তিন দিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে কুরুচিকর ভাষায় কথা বলেন অনুব্রত মণ্ডল। পুলিশ কর্মীকে হুমকি দিয়ে বলেন, চুলের মুঠি ধরে কোয়ার্টার থেকে বার করে দেওয়া হবে। সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল, যেখানে অনুব্রতর কণ্ঠে শোনা যাচ্ছে, “আমি অনুব্রত মণ্ডল, বল বল বল…”
প্রথমে ওই কণ্ঠস্বরকে অস্বীকার করলেও পরে একটি ভিডিয়ো বার্তায় নিঃশর্ত ক্ষমা চান তৃণমূলের এই দাপুটে নেতা। জানান, “রাগের মাথায় ভুল করে বলে ফেলেছি, আমি দুঃখিত।”
বিএনএস ধারায় মামলা: অনুব্রতের বিরুদ্ধে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন, BNS (ভারতীয় ন্যায় সংহিতা)-র ২২৪, ১৩২, ৭৫ ও ৩৫১ ধারায় মামলা রুজু হয়েছে। সরকারি কাজে বাধা, কর্তব্যরত কর্মীকে হেনস্থা, শ্লীলতাহানি, হুমকি।
শনিবার বেলায় রামপুরহাট থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। অনুব্রতর গ্রেফতারির দাবিতে পুলিশ সঙ্গে ধস্তাধস্তিও হয়। রামপুরহাট ছাড়াও সিউড়ি, বোলপুরেও তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে।
রবিবার হাজিরা না দিলে কি গ্রেফতার? পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল ১১টার মধ্যে অনুব্রত হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা—এইবার কি গ্রেফতার হতে চলেছেন তৃণমূলের বিতর্কিত এই নেতা?



