পুজোয় টানা ডিউটির পুরস্কার! পুলিশ ও হোমগার্ডদের জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটির ঘোষণা

দুর্গাপুজো ও সরকারি ছুটির দিনে টানা ৭ দিনের বেশি ডিউটি করলেই মিলবে ১০ দিনের অতিরিক্ত ছুটি। নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুর্গাপুজোসহ বিভিন্ন উৎসবে টানা ডিউটি করা রাজ্যের পুলিশকর্মী ও হোমগার্ডদের জন্য বড় স্বস্তির ঘোষণা করল রাজ্য সরকার। দীর্ঘদিনের দাবি মেনে এবার থেকে উৎসবের মরশুমে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করলে ১০ দিনের অতিরিক্ত ছুটি পাবেন পুলিশ ও হোমগার্ডরা। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা নতুন নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকর্মীদের প্রায়শই টানা ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। ছুটির দিনেও পরিবারকে সময় না দিয়ে কর্তব্যে থাকতে হয় তাঁদের। এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল পুলিশবাহিনীর একাংশের মধ্যে। সেই প্রেক্ষিতেই নতুন সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ সালের দুর্গাপুজো এবং রাজ্য সরকারি গেজেটে প্রকাশিত অন্যান্য সরকারি ছুটির দিনে যাঁরা ন্যূনতম সাত দিনের বেশি সময় ডিউটি করেছেন, তাঁরাই এই সুবিধার আওতায় আসবেন। শুধু রাজ্য পুলিশ নয়, কলকাতা পুলিশ, হোমগার্ড এবং ভলান্টিয়াররাও এই অতিরিক্ত ছুটির জন্য যোগ্য বিবেচিত হবেন।

যোগ্য কর্মীরা মোট ১০ দিনের ছুটি পাবেন। এর মধ্যে থাকবে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি এবং ২ দিনের বিশেষ ছুটি। সরকার জানিয়েছে, এই সুবিধা শুধু ২০২৫ সালের জন্য নয়, আগামী বছরগুলিতেও একই নিয়ম কার্যকর থাকবে।

তবে অতিরিক্ত ছুটি ভোগের ক্ষেত্রে কিছু শর্তও রাখা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই ছুটি সাধারণ ক্যাজুয়াল লিভের সঙ্গে যুক্ত করে বা অন্য কোনও দীর্ঘমেয়াদি ছুটির সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে না। স্থানীয় গেজেটেড ছুটির সঙ্গেও এটি একত্রে ব্যবহার করা যাবে না।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রাপ্য অতিরিক্ত ছুটি সংশ্লিষ্ট বছরেই ব্যবহার করতে হবে। অর্থাৎ, যে বছরের জন্য ছুটি প্রাপ্য হবে, সেই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তা গ্রহণ করতে হবে। পরবর্তী বছরে এই ছুটি বহন করা যাবে না।

ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্য পুলিশের ডিজি ও আইজি, কলকাতা পুলিশের কমিশনার এবং হোমগার্ডের ডিজি ও কমান্ড্যান্ট জেনারেলের কাছে পাঠানো হয়েছে। ফলে আগামী দিনে উৎসবের সময় অতিরিক্ত দায়িত্ব পালনের বদলে পুলিশকর্মীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলেই মনে করছে প্রশাসনিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর