বাংলায় ফের গতি পাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। রাজ্যে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় আবাস প্রকল্পকে নতুন করে সক্রিয় করার উদ্যোগ শুরু হয়েছে। কারা এই প্রকল্পে বাড়ি পাবেন, কারা বাদ পড়বেন, কত টাকা মিলবে এবং কীভাবে আবেদন করতে হবে— তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। বিশেষ করে গ্রামীণ ও নিম্নআয়ের পরিবারগুলির কাছে এই প্রকল্প এখন সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএওয়াই কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প। এর মূল লক্ষ্য, দেশের প্রতিটি গরিব পরিবারের মাথার উপর একটি পাকা ছাদ নিশ্চিত করা। দীর্ঘদিন ধরেই বাংলায় এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছিল। তবে এবার রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর আবাস যোজনাকে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যেসব পরিবার এখনও কাঁচা বাড়িতে বসবাস করেন বা যাদের মাথার উপর স্থায়ী ছাদ নেই, তাঁদের এই প্রকল্পের আওতায় আনা হবে। শহর ও গ্রাম— দুই ক্ষেত্রেই আলাদা ভাবে এই প্রকল্প কার্যকর করা হবে।
এই প্রকল্পের সুবিধা মূলত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি, নিম্ন আয়ের পরিবার এবং নির্দিষ্ট সীমার মধ্যবিত্তদের জন্য। যাঁদের নিজের নামে বা পরিবারের কারও নামে আগে থেকেই পাকা বাড়ি রয়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একইসঙ্গে যেসব পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার উপরে, তাঁদের আবেদনও বাতিল হতে পারে।
এছাড়া পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হলে, বা পরিবারের নামে চারচাকা গাড়ি, মোটরবাইক কিংবা উচ্চ ঋণসুবিধাযুক্ত কিষান ক্রেডিট কার্ড থাকলেও আবাস যোজনার সুযোগ মিলবে না। আগে অন্য কোনও সরকারি আবাসন প্রকল্পে সুবিধা পেয়ে থাকলেও নতুন করে এই প্রকল্পে আবেদন করা যাবে না।


সরকারি নিয়ম অনুযায়ী, সমতল এলাকার যোগ্য আবেদনকারীরা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এই টাকা সাধারণত দুই কিস্তিতে দেওয়া হয়। প্রথম ধাপে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে আরও ৬০ হাজার টাকা দেওয়া হয়। অন্যদিকে পাহাড়ি বা দুর্গম অঞ্চলের বাসিন্দাদের জন্য সহায়তার পরিমাণ ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
গ্রামীণ এলাকার বাসিন্দারা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে নথি যাচাইয়ের পর আবেদন গ্রহণ করা হবে। অন্যদিকে শহরের বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য কেন্দ্রীয় আবাস যোজনার সরকারি পোর্টালে গিয়ে নাম, আধার নম্বর, মোবাইল নম্বর এবং আয়ের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে ‘সিটিজেন অ্যাসেসমেন্ট’ বিভাগে গিয়ে ব্যক্তিগত তথ্য, বাসস্থানের বিবরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করার পর আবেদন জমা পড়বে। পরে আবেদনকারীরা নিজেদের পিএমএওয়াই আইডি ব্যবহার করে আবেদনপত্রের স্ট্যাটাসও দেখতে পারবেন।







