কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার দাবীকে বারবার হাতিয়ার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিজের দলের কর্মীদেরও সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার সরকারী পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মানুষের কাজেই অগ্রাধিকার দিতে হবে কারণ মানুষই নির্বাচনে জিতিয়েছেন এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।



আরও পড়ুন : সন্দেশখালিকাণ্ডে নিরাপদের গ্রেফতারি ‘শকিং’, প্রাক্তন বাম বিধায়কের নিঃশর্ত জামিন মঞ্জুর হাইকোর্টে
মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন আমরা সবাই ছোট। মানুষ কিন্তু বড়। মানুষ ছুঁড়ে ফেলে দিলে কেউ তাকিয়েই দেখবে না, আমি বড় না ও বড়।” সভায় উপস্থিত পঞ্চায়েত, জেলা কর্মীদের বার্তা মমতার। এরপরেই তিনি বলেন, “আমার সঙ্গে যাঁরা দল করছেন, তাঁরা এই কথাটা মনে রাখবেন। এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন। আমার কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চিত করা যাবে না।”



সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও অভিযোগ থাকলে, মুখ্যমন্ত্রী সরাসরিতে জানান। সরকারের এগিয়ে বাংলা পোর্টালে গিয়ে অভিযোগ জানান।” সন্দেশখালি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, সেই আবহে পুরুলিয়া থেকে মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৫৪ দিন ধরে অধরা শেখ শাহজাহান। এমন পরিস্থিতিতে সন্দেশখালি থেকে বেড়মজুরের একে একে হৃত সম্পত্তি, টাকা-পয়সা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।

মানুষই শেষ কথা, পুরুলিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী
একশো দিনের (MGNREGA) কাজ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের জনগণের একটি বিরাট অংশ বঞ্চিত হয়েছেন। সেই বঞ্চনার দায় কেন্দ্রীয় সরকারের উপরেই চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও রাজ্যের তরফে একাধিক প্রকল্পের উপভোক্তাদের সাহায্য করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রেই, বিভিন্ন প্রকল্পের আর্থিক বঞ্চনার জন্য আদতে তৃণমূলের কর্মী, পঞ্চায়েত প্রতিনিধিদের উপরেই দোষ চাপায় বিরোধীরা।এই আবহেই দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।







