কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ ১২ হাজার কিলোমিটার রাস্তার পুননির্মাণ হবে রাজ্যে! ‘পথশ্রী অভিযান’ মমতার। কলকাতা ফিরে যাবার আগে শিলিগুড়ির ফুলবাড়ি থেকে পথশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য জুড়ে ১২০০০ কিলোমিটার রাস্তার পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য এই ‘পথশ্রী অভিযান’ প্রকল্প। এই প্রকল্পে বিভিন্ন জেলায় গ্ৰামীন রাস্তা নতুন করে তৈরি করা হবে।
আরও পড়ুনঃ উৎসবের মরশুম শুরুতে তাণ্ডব অব্যাহত করোনার। মৃত্যু ছাড়াল ৫ হাজার।
১২ হাজার কিলোমিটার রাস্তার পুননির্মাণ হবে রাজ্যে! ইতিমধ্যেই পঞ্চায়েত দফতর প্রত্যেক জেলায় ভেঙে যাওয়া রাস্তা চিহ্নিত করে ফেলেছে।এই প্রকল্পে সেই সব রাস্তাকে সারিয়ে গাড়ি চলার উপযুক্ত করে তোলা হবে। ডিসেম্বরের মধ্যে গোটা রাজ্যে সমস্ত গ্ৰামীন রাস্তার সংস্কার করে গাড়ি চলাচলের উপযোগী করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য উত্তরবঙ্গ সফরে দুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শ্রমিকদের ঘর বানিয়ে দেবে রাজ্য সরকার। জানা গেছে, কিছু আইনী জটিলতা ও বাগান মালিকপক্ষের গাফিলতি বা অনিচ্ছার কারনে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। এখনও উত্তরবঙ্গের লক্ষাধিক শ্রমিক গৃহহীন।
বহু বাগান দীর্ঘদীন ধরে বন্ধ রয়েছে আবার বহু বাগান ধুঁকছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চা শ্রমিকদের সহায়তায় তৈরী করেছেন চা সুন্দরী প্রকল্প।
প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। এই টাকা দিয়ে গৃহহীন চা শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকারের আবাসন দফতর। এই কাজে সহায়তা করবে শ্রম ও ভূমি ও ভূমি সংস্কার দফতর। এই প্রকল্পের আওতায় চা শ্রমিকদের দেওয়া হবে শিক্ষা ও স্বাস্থের সুবিধাও।
প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মুজনাই, ঢেকলাপাড়া, তোর্ষা, লঙ্কাপাড়া, রেডব্যাঙ্ক সহ মোট ৭ টি চাবাগানের ৩ হাজার ৬৯৪ টি গৃহহীন শ্রমিক পরিবারকে ঘর বানিয়ে দেওয়া হবে।
আগামী ৩ বছরের মধ্যে তরাই ও ডুয়ার্সের মোট ৩৭০ টি চা বাগানে চা সুন্দরী প্রকল্পে ঘর তৈরী শেষ করার লক্ষ্য মাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



