নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় এলে ৭ দিনে দাবি পূরণ করবে বিজেপি সরকার। এদিন মুকুল রায় এমনই প্রতিশ্রুতি দিয়ে এলেন পার্শ্বশিক্ষকদের। আর মুকুলের প্রতিশ্রুতি পেয়েই অনশন তুলে নিলেন পার্শ্ব শিক্ষকরা। সল্টলেকের বিকাশভবনের কাছে লাগাতার কয়েক সপ্তাহ ধরে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। এবার সেই আন্দোলনে সরাসরি পড়তে চলেছে গেরুয়া ছাপ।
আরও পড়ুনঃ ‘মা’ কিচেনে বিপুল সাড়া, দু’হাত তুলে মমতা-কে আশির্বাদ গরীব আমজনতার।


অবস্থান চললেও, অনশন প্রত্যাহার করলেন পার্শ্বশিক্ষকরা। ‘বিজেপি ক্ষমতায় এলে আর বঞ্চনা নয়,’ পার্শ্বশিক্ষকদের অবস্থানে এসে প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা মুকুল রায়ে। পাশাপাশি কাল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন পার্শ্বশিক্ষকরা বলেও জানা গেছে। এদিন অনশন মঞ্চে মুকুল রায় গিয়ে দেখা করেন পার্শ্বশিক্ষকদের সাথে। সেখানে তিনি বলেন, বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের আর বারবার রাস্তায় বসতে হবে না।
তার কথায়, “‘বাংলায় যে অরাজকতা চলছে, তার বিরুদ্ধে কত ছোট ছোট আন্দোলন চলছে। একটা জায়গায় আসা দরকার। এই সমস্যার সমাধান করতে হবে। রাজ্যে কোনও সরকার আছে বলে মনে হয় না। বিজেপি ক্ষমতায় এলে আর বঞ্চনা হবেনা।” আন্দোলনরত রাজ্যের এই পার্শ্ব শিক্ষকদের দাবিপূরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন মুকুল।
ক্ষমতায় এলে ৭ দিনে দাবি পূরণ! আন্দোলনকারীরা জানিয়েছেন, “আজ ১১ দিনের মাথায় আমরা অনশন প্রত্যাহার করলাম। মুকুল রায় ক্ষমতায় আসার সাতদিনের মধ্যে আমাদের দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সরস্বতী পুজো করেছি আমরা। সরস্বতী পুজোর প্রসাদ খাইয়েই তিনজনের অনশন ভঙ্গ করা হয়েছে।”


উল্লেখ্য, পার্শ্ব শিক্ষকেরা বেতন বৃদ্ধি সহ গত কয়েক সপ্তাহ ধরে সল্টলেকের বিকাশভবনের কাছে ধর্ণামঞ্চ গড়ে সেখানে একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন। এবার সেই আন্দোলনে সামিল হতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, মুকুলের চিঠি পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে নিজের ধর্ণাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চাইছেন শাহ।







