নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কারণ নিয়ে বিজেপি নেতৃত্ব আলোচনা করবে। জানা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন ভোটের যে নির্ঘণ্ট পেকাশ করেছে তা নিয়েও রাজ্যপালকে অভিযোগ জানাতে পারে বঙ্গ বিজেপি। সকাল ১১টায় রাজ্য বিজেপি সভাপতি সকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: Panchyet Election: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ইসলামপুর
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, এই অভিযোগ বারবারই করে থাকেন রাজ্য বিজেপি নেতারা। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদে খুনের ঘটনা সামনে এসেছে। প্রথম দিনেই রাজ্যের আইনশৃঙ্খলার এই পরিস্থিতি হয়, তাহলে কীভাবে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে রাজ্য পুলিশ?’ ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই, এই কথা প্রায়শই বলতে শোনা যায় বিজেপির তরফ থেকে। শুক্রবারই শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং কংগ্রেস। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি, রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি

পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট জানানোর আগে সর্বদলীয় বৈঠকে বসেনি রাজ্য নির্বাচন কমিশন। সর্বদলীয় বৈঠক না করে ভোটের দিন ঘোষণা-সহ নানান বিষয় নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপি। পাশাপাশি পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও এই বিষয়ে সুর চড়িয়েছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোরও কার্যত একই সুর। যদিও রাজ্য নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তে অনড়। নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সরকার এবং কমিশনকে চাপে রাখতে এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত,পঞ্চায়েতে রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখছে নির্বাচন কমিশন। বিজেপ্র মতোই কিন্তু ভোটের সময় কোনও ভাবেই রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না কংগ্রেস! তাই এবার এই প্রসঙ্গে সরাসরি রাজ্যপালের কাছে আর্জি জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে লেখন, “বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজ চলছে। জঙ্গলের দানবের মতো শাসক দলের আশ্রিতরা বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করছে। রাজ্যের জুড়ে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় এখন গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলিই কবরে চাপা পড়ে গিয়েছে। এমন অবস্থায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কোনও ভাবে শান্তিপূর্ণ ভাবে হবে না। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করানো বন্দোবস্ত করা হোক।”



